ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
গণভোটের রায় অস্বীকারেই রাজনৈতিক সংকট: শফিকুর রহমান
গণভোটে জনগণের রায় অস্বীকার এবং জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসির কারণে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে বিরোধী দলগুলোর সঙ্গে সংলাপ ও জাতীয় ঐক্যের আহ্বান প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর আমন্ত্রণে এক অনানুষ্ঠানিক চা-চক্রে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়েছে। পরে প্রধানমন্ত্রী সংসদে ঐক্যের আহ্বান জানান, যা তিনি সম্মানের সঙ্গে দেখেন।
তবে এই ঐক্য যেন ক্ষণস্থায়ী বা সাময়িক না হয়, সে বিষয়ে গুরুত্ব দেন জামায়াত আমির। তিনি বলেন, দেশে টেকসই ঐক্য প্রতিষ্ঠা করতে হবে।
২০২৪ সালের গণঅভ্যুত্থানের পক্ষগুলোর মধ্যে বিভেদ তৈরির কারণ তুলে ধরে তিনি বলেন, গণভোটে জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে গড়িমসি এবং সংবিধান সংশোধন পরিষদ গঠন নিয়ে সৃষ্ট পরিস্থিতির কারণেই সংকট তৈরি হয়েছে। এসব বিষয় পরিষ্কার করা হলে দেড় যুগ ধরে তাণ্ডব চালানো ফ্যাসিবাদী শক্তি আর বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে না বলে মন্তব্য করেন তিনি। রাজনীতি করতে হলে মাফিয়া আচরণ ছেড়ে রাজনৈতিক ধারায় ফিরে আসতে হবে বলেও জানান।
আগামী ১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে শফিকুর রহমান তাঁকে ‘পলাতক প্রধানমন্ত্রী’ ও ‘ফ্যাসিবাদের জন্মদাতা’ বলে আখ্যায়িত করেন।
তিনি প্রশ্ন তোলেন, বিচারিক প্রক্রিয়া চলার সময় শেখ হাসিনা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে আদালতে হাজির হননি বা আপিল করেননি। এখন তাঁর কোন বক্তব্য মানুষ বিশ্বাস করবে?
গোপালগঞ্জে হত্যাকাণ্ড, থানা লুট, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা উল্লেখ করে জামায়াত আমির বলেন, এসব ঘটনার মধ্য দিয়ে সংশ্লিষ্টদের ফ্যাসিবাদী চরিত্রের পরিবর্তন না হওয়ার বিষয়টি প্রকাশ পেয়েছে।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যে যুবসমাজ ও সাধারণ মানুষ তাদের বিদায় করেছিল, তারা এখনো জীবিত এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে।