ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

আইনের প্রতি শ্রদ্ধা থাকলে আত্মসমর্পণ করতেন শেখ হাসিনা: রিজভী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪১, ২৪ নভেম্বর ২০২৬
আইনের প্রতি শ্রদ্ধা থাকলে আত্মসমর্পণ করতেন শেখ হাসিনা: রিজভী
জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশে রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বাংলাদেশের আদালতে দণ্ডিত হওয়ার পরও শেখ হাসিনা কীভাবে রাষ্ট্রীয় বিমানে দেশে ফেরার কথা বলেন, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির নেতা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনের প্রতি শ্রদ্ধা থাকলে শেখ হাসিনার উচিত ছিল আইনের কাছে আত্মসমর্পণ করা এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরা।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দল ও মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত সমাবেশ ও বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন।

সমাবেশে রিজভী অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডই দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের যৌক্তিকতা প্রমাণ করেছে। বিদেশে অবস্থান করেও দলটির নেতারা বাংলাদেশে নাশকতা, বোমাবাজি ও অগ্নিসংযোগের মাধ্যমে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।

তিনি বলেন, যারা দেশের বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও মানুষ হত্যার মতো কর্মকাণ্ডে উসকানি দিতে পারে, তারা জনগণ কিংবা দেশের বন্ধু হতে পারে না। আওয়ামী লীগের কর্মকাণ্ডের মধ্য দিয়েই দলটিকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের যথার্থতা স্পষ্ট হয়েছে।

রিজভীর অভিযোগ, আওয়ামী লীগের নেতারা বিদেশে বসে বাংলাদেশে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনার জন্য অর্থ পাঠাচ্ছেন। কিছু সন্ত্রাসী ও কিশোরকে অর্থ দিয়ে গাড়িতে আগুন দেওয়া, বাড়িঘরে পেট্রল ছিটিয়ে অগ্নিসংযোগ এবং বিভিন্ন স্থানে বোমাবাজি করানো হচ্ছে। গ্রামীণ ব্যাংকের প্রায় ৭৫টি স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে তাদের দলের তিনজন নেতা-কর্মী নিহত হয়েছেন। সীমান্তের ওপারে অবস্থান করে যারা এসব ঘটনায় উসকানি দিচ্ছেন, এসব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনাকে নিতে হবে।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, ভারত প্রায়ই দাবি করে, বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে তারা হস্তক্ষেপ করে না। অথচ পেট্রাপোলে আওয়ামী লীগের চার নেতার সঙ্গে ইমিগ্রেশন কর্মকর্তাদের দুই ঘণ্টার বৈঠকের ঘটনা নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এটি একটি অশুভ ইঙ্গিত বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগের শাসনামলের সমালোচনা করে রিজভী বলেন, দলটি সব সময় ক্ষমতাকে নিজেদের বাপ-দাদার সম্পত্তি মনে করেছে। ক্ষমতায় থাকাকালে বিরোধী দলের নেতা-কর্মীদের ওপর নির্যাতন, হত্যা, দুর্নীতি ও লুটপাট চালিয়েছে। মেগা প্রকল্পের নামে অর্থ আত্মসাৎ করে দলের নেতারা বিপুল সম্পদের মালিক হয়েছেন এবং সেই অর্থ বিদেশে পাচার করেছেন বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ২০০৯ সালে ক্ষমতায় এসে শেখ হাসিনা বাকশাল পুনরুজ্জীবিত করেছিলেন। দীর্ঘ ১৭ বছর ধরে দুঃশাসন চালিয়ে গণতন্ত্রের অস্তিত্ব মুছে দেওয়ার চেষ্টা করেছেন। বিরোধী দল, মতপ্রকাশের স্বাধীনতা ও রাজনৈতিক অধিকার হরণের মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের শাসন পরিচালনা করেছে।

আওয়ামী লীগের পুনরুত্থানের চেষ্টা প্রতিহত করার আহ্বান জানিয়ে রিজভী বলেন, বাংলাদেশের মানুষ কখনো স্বৈরশাসন মেনে নেয়নি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর কেউ আঘাত হানলে জনগণ ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। অনেক রক্তের বিনিময়ে গণতন্ত্রের যে যাত্রা শুরু হয়েছে, তা কেউ থামাতে পারবে না।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ৭ নভেম্বরের সিপাহি-জনতার ঐক্য এবং ২০২৪ সালের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনা ধারণ করে আধিপত্যবাদ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। জনগণের অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে বিএনপি প্রস্তুত রয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে সমাবেশে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সভাপতি ইশরাক হোসেনসহ সংগঠন দুটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!