ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

মামলার কারণে নতুন শেয়ার ইস্যুর পরিকল্পনা স্থগিত করল মেটা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:২৪, ২৪ নভেম্বর ২০২৬
মামলার কারণে নতুন শেয়ার ইস্যুর পরিকল্পনা স্থগিত করল মেটা
ছবি: রয়টার্স

শেয়ারহোল্ডারদের দায়ের করা মামলার কারণে নতুন শ্রেণির শেয়ার ইস্যুর পরিকল্পনা স্থগিত করেছে সামাজিক যোগাযোগমাধ্যম প্রতিষ্ঠান মেটা। এর ফলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে বিনিয়োগের অর্থ সংগ্রহে প্রতিষ্ঠানটির ৬০০০ কোটি ডলারের শেয়ার বিক্রির পরিকল্পনাও পিছিয়ে যাচ্ছে।

সোমবার মেটা জানিয়েছে, শেয়ার পুনর্গঠন পরিকল্পনার বিরুদ্ধে দায়ের করা মামলার বিচার শেষ না হওয়া পর্যন্ত নতুন ক্লাস সি শেয়ার ইস্যু করা হবে না। যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যের কোর্ট অব চ্যান্সারিতে প্রতিষ্ঠানটির কয়েকজন শেয়ারহোল্ডার এ মামলা করেছেন। আগামী ১৯ এপ্রিল ২০২৭ থেকে মামলাটির বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

মেটার পরিকল্পনা ছিল, ২০২৭ সালের জানুয়ারিতে নতুন ধরনের ভোটাধিকারহীন ক্লাস সি সাধারণ শেয়ার চালু করা। এর মাধ্যমে কার্যত শেয়ারের সংখ্যা দ্বিগুণ করার মতো কাঠামো তৈরি হতো। এই ব্যবস্থায় অধিগ্রহণ কার্যক্রমের অর্থায়ন এবং দক্ষ কর্মীদের ধরে রাখার ক্ষেত্রে বাড়তি সুবিধা পাওয়ার কথা ছিল। পাশাপাশি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মার্ক জাকারবার্গের ভোটাধিকার নিয়ন্ত্রণও আগের মতো বজায় রাখার পরিকল্পনা ছিল।

নতুন শেয়ার ইস্যুর পরিকল্পনা স্থগিত হওয়ায় মেটার ৬০০০ কোটি ডলারের শেয়ার বিক্রির উদ্যোগেও প্রভাব পড়েছে। প্রচলিত শেয়ারের মাধ্যমে কয়েক ধাপে এই অর্থ সংগ্রহের পরিকল্পনা ছিল প্রতিষ্ঠানটির। তবে ক্লাস সি শেয়ারের লেনদেন শুরু না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালু হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে ব্যাপক বিনিয়োগ করছে মেটা। উন্নত প্রযুক্তির চিপ ও ডেটা সেন্টার নির্মাণে ব্যয় বাড়ানোর পাশাপাশি ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো প্রতিষ্ঠানের সঙ্গে প্রতিযোগিতা করছে তারা। একই সঙ্গে সাধারণ গ্রাহকদের জন্য এআই এজেন্ট তৈরিতেও গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেয়ারহোল্ডারদের মামলার কারণে নতুন শেয়ার ইস্যু স্থগিতের সিদ্ধান্ত মেটার এআই খাতে বিনিয়োগের জন্য অর্থ সংগ্রহের পরিকল্পনায় বিলম্ব ঘটাতে পারে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!