ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
আসো, খাঁচা আর দড়ি রেডি আছে : শেখ হাসিনাকে আসিফ
জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান বলে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। এ খবরের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে আসিফ মাহমুদ লেখেন, ‘ভারতকে যা দিয়েছি আজীবন মনে রাখবে। বের করে দিচ্ছে ভালো কথা, ভারত আমাকে একটা বিমানও দিচ্ছে না। এটাও বাংলাদেশ থেকে চাইতে হচ্ছে।’
এরপর ঢাকার উদ্ধৃতি দিয়ে তিনি লেখেন, ‘আসো খাঁচা আর দড়ি রেডি আছে।’
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফিরতে চান জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত থেকে দেশে ফেরার জন্য পাসপোর্টের পাশাপাশি বাংলাদেশ সরকারের কাছে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান চেয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী জানান, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে নিয়ে যাওয়া হয়েছিল। এবার দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও বাংলাদেশ সরকারের কাছে বিমান পরিবহণের ব্যবস্থা চেয়েছেন তিনি।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশে ফেরার বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট কোনো তারিখ উল্লেখ করেছেন শেখ হাসিনা। তার এই ঘোষণাকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক ও আইনি পরিস্থিতিতে নতুন করে উত্তেজনা তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।