ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ তথ্য প্রযুক্তি ]

বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন কমাচ্ছে টেসলা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৩:৩০, ১৮ নভেম্বর ২০২৬
বিক্রি কমায় সাইবারট্রাকের উৎপাদন কমাচ্ছে টেসলা
ছবি: রয়টার্স

বিক্রির লক্ষ্যমাত্রা পূরণে ব্যর্থ হওয়ায় আলোচিত বৈদ্যুতিক পিকআপ সাইবারট্রাকের উৎপাদন কমিয়ে আনার পরিকল্পনা করছে মার্কিন গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এর পরিবর্তে স্বয়ংক্রিয়ভাবে চলাচলকারী ট্যাক্সি সাইবারক্যাব উৎপাদনে বেশি গুরুত্ব দিতে চায় প্রতিষ্ঠানটি। এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

তবে সাইবারট্রাকের উৎপাদন বন্ধের সময়সীমা নিয়ে একাধিকবার পরিকল্পনায় পরিবর্তন এনেছেন টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক। গত ৭ নভেম্বর তিনি জানান, সাইবারট্রাকের বকেয়া অর্ডার পূরণে উৎপাদন লাইনে অতিরিক্ত শিফট যুক্ত করা হবে।

প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের জুন-জুলাইয়ের দিকে সাইবারট্রাকের উৎপাদন লাইন সরিয়ে সাইবারক্যাব তৈরির সক্ষমতা বাড়ানোর কথা ছিল।

পরে ১১ নভেম্বর মাস্ক জানান, গ্রাহকদের অর্ডার পূরণে সাইবারট্রাকের উৎপাদন ২০২৭ সালের গ্রীষ্মের শেষ পর্যন্ত চালু রাখা হবে। তবে উৎপাদন সক্ষমতার তুলনায় অর্ডারের পরিমাণ বেশি হওয়ায় সব গ্রাহককে গাড়ি সরবরাহ করা সম্ভব হবে না। এ কারণে অনেক গ্রাহকের অগ্রিম অর্থ ফেরত দিতে হতে পারে বলেও জানান তিনি।

সাইবারট্রাকের বিক্রির পরিসংখ্যানেও দুর্বল চিত্র উঠে এসেছে। গাড়িবিষয়ক তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান কেলি ব্লু বুকের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে ২০ হাজার ২৩৭টি সাইবারট্রাক বিক্রি করেছে টেসলা। আগের বছর ২০২৪ সালে বিক্রি হয়েছিল ৩৮ হাজার ৯৬৫টি। অর্থাৎ এক বছরের ব্যবধানে বিক্রি কমেছে ৪৮ শতাংশ।

অথচ উৎপাদন শুরুর দিকে বছরে ২ লাখ ৫০ হাজার গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিলেন ইলন মাস্ক।

বিক্রির পাশাপাশি গাড়িটির মান ও নিরাপত্তা নিয়েও বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হাইওয়ে ট্রাফিক সেফটি অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, বাজারে আসার পর থেকে সাইবারট্রাক ১১ বার প্রত্যাহার বা রিকলের মুখে পড়েছে। এসব সমস্যার কোনোটি সরাসরি মেরামতের মাধ্যমে, আবার কোনোটি সফটওয়্যার আপডেট দিয়ে সমাধান করা হয়েছে।

এদিকে সাইবারট্রাকের অস্বাভাবিক স্টেইনলেস স্টিলের নকশাও ইউরোপের বাজারে প্রবেশের ক্ষেত্রে বাধা তৈরি করেছে। বিশেষ করে পথচারীদের নিরাপত্তাসংক্রান্ত বিধিমালার কারণে ইউরোপে গাড়িটির অনুমোদন পাওয়া কঠিন হয়ে পড়েছে।

সাইবারট্রাকের উৎপাদন কমিয়ে টেসলা এখন স্বয়ংক্রিয় গাড়ি, রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিতে বেশি গুরুত্ব দিচ্ছে। এ পরিকল্পনার অন্যতম অংশ সাইবারক্যাব। দুই আসনের এ গাড়িতে প্রচলিত স্টিয়ারিং হুইল, প্যাডেল ও আয়না নেই। সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে চলাচলের উপযোগী করে তৈরি গাড়িটিকে ভবিষ্যতে নিজেদের রোবট্যাক্সি নেটওয়ার্কের প্রধান বাহন হিসেবে গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রের অস্টিনে সীমিতসংখ্যক সাইবারক্যাব দিয়ে অর্থের বিনিময়ে যাত্রী পরিবহন শুরু করেছে টেসলা। তবে গাড়িটির নিরাপত্তা ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিয়ে এখনো প্রশ্ন রয়েছে।

সাইবারট্রাকের উৎপাদন কমানোর পরিকল্পনা টেসলার বৈদ্যুতিক গাড়ি ব্যবসায় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একসময় ভবিষ্যতের পিকআপ হিসেবে পরিচিতি পাওয়া গাড়িটির বিক্রি প্রত্যাশা পূরণ না করায় প্রতিষ্ঠানটি এখন স্বয়ংক্রিয় পরিবহন প্রযুক্তির দিকে বেশি মনোযোগ দিচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!