ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
দেশের কোনো অংশ স্বাধীন ঘোষণার অধিকার কারও নেই: শফিকুর রহমান
গোপালগঞ্জে একটি জেলাকে স্বাধীন ঘোষণার চেষ্টার অভিযোগে জড়িতদের দেশদ্রোহী হিসেবে আখ্যা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, স্বাধীন দেশের কোনো অংশকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার অধিকার কারও নেই।
বুধবার (২৫ নভেম্বর) সকালে অস্ট্রেলিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
গোপালগঞ্জের সাম্প্রতিক ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করে জামায়াত আমির বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সফলতা বা ব্যর্থতা নিয়ে তিনি আলোচনা করতে চান না। তবে সেখানে যা ঘটেছে, তা অবিশ্বাস্য। একটি স্বাধীন দেশের ভেতরে কোনো জেলাকে আলাদা করে স্বাধীন ঘোষণার চেষ্টা কারা করছে, সেই প্রশ্ন তোলেন তিনি। তার মতে, আইন ও সংবিধানের দৃষ্টিতে এ ধরনের কর্মকাণ্ড দেশদ্রোহিতার শামিল। দেশের কোনো অংশকে আলাদা করে স্বাধীন ঘোষণা করার আইনি বা নাগরিক অধিকার কারও নেই।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গেও কথা বলেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইনের মুখোমুখি হতে হবে। তার বিরুদ্ধে ওঠা অভিযোগের পরও তিনি আপিল করেননি। বিচারিক প্রক্রিয়া চলাকালে আইনের প্রতি শ্রদ্ধাশীল হলে তার দেশে ফেরা উচিত ছিল।
জামায়াত আমির বলেন, ‘তিনি আসেননি— এর মানে হচ্ছে, তিনি দেশকে ধারণ করেন না এবং আইনকেও ভয় পান।’ এ অবস্থায় তার কোনো বক্তব্য বিশ্বাস করার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।
গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে ভাঙচুর, অগ্নিসংযোগ, থানায় হামলা ও লুটপাটের ঘটনা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, খুনের নেশা এখনো কাটেনি, ফ্যাসিবাদী চরিত্রেও পরিবর্তন আসেনি। তবে যুবসমাজ ও সাধারণ মানুষের ক্ষোভের কথা উল্লেখ করে তিনি বলেন, নির্যাতনে অতিষ্ঠ হয়েই জনগণ তাদের বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছিল।
হত্যাকাণ্ড ও নির্যাতনের সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, বিচার শেষ না হওয়া পর্যন্ত অপরাধীদের আইনের মুখোমুখি হতে হবে এবং আদালতের রায় মেনে নিতে হবে।
জাতীয় ঐক্যের বিষয়ে বিরোধীদলীয় নেতা বলেন, জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে প্রধানমন্ত্রীর চায়ের আমন্ত্রণে তিনি অংশ নিয়েছিলেন। সেখানে দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বৃহত্তর জাতীয় স্বার্থ, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং মানুষের জানমাল রক্ষায় প্রয়োজন হলে একসঙ্গে কাজ করার বিষয়ে তিনি মত দেন।
তবে জাতীয় ঐক্যকে সাময়িক উদ্যোগের মধ্যে সীমাবদ্ধ না রেখে টেকসই করার আহ্বান জানান তিনি। সংসদে ঐক্যের যে আহ্বান জানানো হয়েছে, সেটিকে তিনি সম্মান করেন বলেও জানান।
ঐক্যে ফাটলের কারণ হিসেবে জনগণের রায় অস্বীকার, জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা এবং তা পাশ কাটিয়ে সংবিধান সংশোধন পরিষদ বা কমিটি গঠনের উদ্যোগের কথা উল্লেখ করেন জামায়াত আমির। এসব বিষয়ে স্পষ্ট অবস্থান নেওয়া হলে ফ্যাসিবাদী আচরণের অবসান ঘটবে বলে মনে করেন তিনি।
এর আগে গত ২০ নভেম্বর অস্ট্রেলিয়া সফরের উদ্দেশে ঢাকা ছাড়েন ডা. শফিকুর রহমান। সফরকালে তিনি অস্ট্রেলিয়া সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কর্মসূচিতেও অংশ নেন।