ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

সড়কে গরুর সঙ্গে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহী নারীর

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৮, ২৫ নভেম্বর ২০২৬
সড়কে গরুর সঙ্গে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহী নারীর
তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি: ডেইলি বাংলাদেশ

সুনামগঞ্জের তাহিরপুরে সড়কে গরুর সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে প্রতিমা রানী দাস (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। একই দুর্ঘটনায় গরুটিও মারা গেছে। এ ঘটনায় মোটরসাইকেলের চালকসহ আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২৫ নভেম্বর) সকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রতিমা রানী দাস পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার সোনিপাড়া গ্রামের গোপাল চন্দ দাসের স্ত্রী। আহতরা হলেন একই গ্রামের রাজেন্দ্র দাসের ছেলে দীপাল দাস (৩০) এবং তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের দোমাল গ্রামের মোশাররফ হোসাইনের ছেলে মোটরসাইকেলচালক পাবেল হোসাইন (১৭)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে চালকসহ তিনজন একটি মোটরসাইকেলে করে মধ্যনগর থেকে তাহিরপুর বাজারের উদ্দেশে রওনা হন। পথে শাহগঞ্জ গ্রামের কাছে পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে একটি গরুর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের তিন আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। সংঘর্ষে গরুটিও ঘটনাস্থলেই মারা যায়।

পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে প্রতিমা রানী দাসসহ তিনজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে প্রতিমা রানীর মৃত্যু হয়। আহত অপর দুজনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ফয়েজ আহমদ নূরী বিষয়টি নিশ্চিত করে বলেন, গুরুতর আহত এক নারীসহ দুজনকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছিল। পথিমধ্যে ওই নারীর মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: সুনামগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!