ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, জানে না পুলিশ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ২২:৪৩, ২৭ নভেম্বর ২০২৬
ভোলায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, জানে না পুলিশ
ভোলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মশাল মিছিল, সংগৃহীত ছবি।

ভোলায় মশাল মিছিল ও স্লোগান দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুক্রবার সন্ধ্যায় ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। তবে এ কর্মসূচির বিষয়ে কিছুই জানে না বলে জানিয়েছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৫৫ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগের ২০ থেকে ৩০ জন নেতাকর্মী মশাল হাতে মিছিলে অংশ নিয়েছেন। এ সময় তারা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’, ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’ এবং ‘ভোলা জেলা আওয়ামী লীগ নেতা মোদের শেখ মুজিব’সহ বিভিন্ন স্লোগান দেন।

সন্ধ্যার পর আকস্মিক এ মিছিলের ঘটনায় স্থানীয়দের মধ্যে নতুন করে উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দলীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ভোলা জেলা আওয়ামী লীগের নেতৃত্বে ভোলা-বরিশাল আঞ্চলিক মহাসড়ক এলাকায় এ মশাল মিছিল করা হয় বলে জানা গেছে।

এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, আমার জানামতে সদর থানার আওতাধীন কোথাও কোনো কর্মসূচি পালিত হয়নি। তবে নিষিদ্ধ সংগঠনের কর্মসূচির ভিডিও দেখার পর এতে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনায় শনাক্তকরণ ও অভিযান অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/ভোলা
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!