ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ভোলায় বাণিজ্য মেলাকে ঘিরে নতুন সম্ভাবনা, চাঙা হবে অর্থনীতি
দ্বীপজেলা ভোলার বাণিজ্যিক ও সামাজিক পরিমণ্ডলে নতুন প্রাণচাঞ্চল্য সৃষ্টির প্রত্যাশা নিয়ে শুরু হতে যাচ্ছে বাণিজ্য মেলা। মেলাকে ঘিরে ইতোমধ্যে প্রস্তুতি শুরু হয়েছে। গত কয়েক দিন ধরে ভোলা সরকারি স্কুল মাঠে চলছে স্টল নির্মাণের কাজ। আয়োজক ও ব্যবসায়ীরা নিজেদের স্টল সাজাতে ব্যস্ত সময় পার করছেন। সব প্রস্তুতি শেষে শিগগিরই মেলার উদ্বোধন করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে মেলাকে ঘিরে জেলার ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, স্থানীয় ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যেও তৈরি হয়েছে ইতিবাচক প্রত্যাশা।
সংশ্লিষ্টদের মতে, সুষ্ঠু ও পরিকল্পিত আয়োজনের মধ্য দিয়ে এ বাণিজ্য মেলা স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। মেলায় দেশীয় পণ্য, কুটিরশিল্প, পোশাক, গৃহস্থালি সামগ্রী ও খাদ্যপণ্যের প্রদর্শনী এবং বিক্রির সুযোগ তৈরি হবে। এতে স্থানীয় উদ্যোক্তারা সরাসরি ক্রেতাদের কাছে নিজেদের পণ্য তুলে ধরতে পারবেন। পাশাপাশি নতুন পণ্যের পরিচিতি বাড়ানো, ব্যবসার প্রসার এবং স্বল্পমেয়াদি কর্মসংস্থান সৃষ্টিরও সুযোগ তৈরি হবে।
শুধু ব্যবসা-বাণিজ্য নয়, সাধারণ মানুষের জন্যও মেলাটি হয়ে উঠতে পারে কেনাকাটা ও বিনোদনের অন্যতম আকর্ষণ। বিভিন্ন ধরনের পণ্য এক জায়গায় দেখার ও কেনার সুযোগের পাশাপাশি পরিবার-পরিজন নিয়ে কিছুটা আনন্দঘন সময় কাটানোর সুযোগ পাবেন দর্শনার্থীরা। এতে স্থানীয় মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ তৈরি হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
তবে মেলাকে সফল ও সবার কাছে গ্রহণযোগ্য করে তুলতে সুষ্ঠু ব্যবস্থাপনা, নিরাপত্তা, যানজট নিয়ন্ত্রণ এবং স্থানীয় ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখার আহ্বান জানিয়েছেন সচেতন মহল। প্রশাসনিক নিয়মকানুন মেনে পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে মেলা আয়োজন করা গেলে এটি ভোলার ব্যবসা-বাণিজ্য, কর্মসংস্থান ও বিনোদনের ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।