ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
নারায়ণগঞ্জে পুলিশ হত্যা: ডেভিডসহ ৬ জন গ্রেপ্তার, গুলিতে আহত ১
নারায়ণগঞ্জে পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের একজন পালানোর চেষ্টা করলে পুলিশের গুলিতে আহত হয়েছেন।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মুঠোফোনে এ তথ্য নিশ্চিত করেন অভিযানে থাকা অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান। তিনি জানান, মঙ্গলবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন হাশেমবাগ এলাকার রিয়াজ ওরফে ডেভিড, তার ভাই আব্দুল্লাহ এবং তাদের সহযোগী সামাদসহ চারজন। গ্রেপ্তারের সময় ডেভিড পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি চালায়। এতে তার পায়ে গুলি লাগে।
এ ছাড়া এসআরবির পৃথক একটি দল আদর ও আজাদ নামে আরও দুজনকে গ্রেপ্তার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার মো. হাসিনুজ্জামান বলেন, পুলিশ ও এসআরবির যৌথ অভিযানে মোট ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে আব্দুল্লাহকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। অন্যদের ফতুল্লা থানার দেওভোগ, নাগবাড়িসহ আশপাশের এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এ বিষয়ে পরে জেলা পুলিশ সুপার সাংবাদিকদের ব্রিফিং করে বিস্তারিত জানাবেন বলেও জানান তিনি।
পুলিশ জানিয়েছে, কনস্টেবল আনোয়ার মোল্লা হত্যার পাশাপাশি গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক কারবার ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গত রোববার রাতে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের হাশেমবাগ এলাকায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে নিহত হন পুলিশ কনস্টেবল আনোয়ার মোল্লা (৩২)। তিনি সদর মডেল থানাধীন শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে কর্মরত ছিলেন। তার বাড়ি ঢাকার নবাবগঞ্জ উপজেলার দত্তখণ্ড গ্রামে।