ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
রাজাপুরে ১২০০কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ শুরু
রাজাপুরে ২০২৬-২৭ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১হাজার ২০০কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা কৃষি অফিসের উদ্যোগে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনের সংসদ সদস্য ও ধর্মবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রফিকুল ইসলাম জামাল কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষি পুনর্বাসন কমিটির সদস্য সচিব মোসা. শাহিদা শারমিন আফরোজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হোসেন শাহারিয়ার সিফাত।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি রবি মৌসুমে কৃষি পুনর্বাসন সহায়তা খাতের আওতায় মোট একহাজার ২০০ কৃষককে বিনামূল্যে খেসারি, সয়াবিন, চীনাবাদাম, মুগ ও হাইব্রিড সূর্যমুখীর বীজ এবং প্রয়োজনীয় রাসায়নিক সার দেওয়া হবে। এর মাধ্যমে কৃষকদের উৎপাদন খরচ কমানোর পাশাপাশি রবি ফসলের আবাদ ও উৎপাদন বাড়াতে সহায়তা করা হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল্লাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মেহেরুন্নেছা পাপড়ি, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন-অর-রশিদ হাওলাদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ফিরোজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিউল বশার, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ মেহেদি হাসানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কৃষক সংগঠনের প্রতিনিধি ও কৃষক-কৃষাণিরা।