ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে গ্রামে প্রবাসী বর

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৭, ২৫ নভেম্বর ২০২৬
হেলিকপ্টারে চড়ে নববধূকে নিয়ে গ্রামে প্রবাসী বর
বোরহানউদ্দিনে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে গ্রামে ফিরেন প্রবাসী বর মো. শাহীন ফকির। ছবি: ডেইলি বাংলাদেশ

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ ও পরিবারের ইচ্ছায় হেলিকপ্টারে চড়ে নিজ গ্রামে নববধূ মারজিয়া আক্তার মীমকে নিয়ে আসলেন মো. শাহীন ফকির নামে ফ্রান্স প্রবাসী এক যুবক। প্রবাসী মো. শাহিন ফকির বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি এলাকার মো. সিরাজের ছেলে ৷

তিনি দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে প্রবাসজীবন কাটাচ্ছেন। সম্প্রতি ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেট এলাকার কর্ণক টাওয়ারে নিজস্ব বাসভবনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন ৷ বিয়ের পর থেকেই শাহিনের স্বপ্ন ছিল, স্ত্রীকে হেলিকপ্টারে করে সরাসরি নিজ গ্রামে নিয়ে আসবেন। একই স্বপ্ন ছিল তার বাবা-মায়েরও।

সেই স্বপ্ন বাস্তবে রূপ দিতে বুধবার সকালে হেলিকপ্টারে করে ঢাকা থেকে সরাসরি বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নে হেলিকপ্টার যোগে অবতরণ করেন নবদম্পতি।

শাহিনের পরিবার জানায়, মঙ্গলবার তাদের আসার পরিকল্পনা ছিল। তবে প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর উপলক্ষে আকাশপথে বিধিনিষেধ থাকায় সেদিন আসা সম্ভব হয়নি। তাই এক দিন পিছিয়ে বুধবার নির্ধারিত সময়ে হেলিকপ্টারটি অবতরণ করে। তার এই ব্যতিক্রমী আয়োজন ঘিরে এলাকায় সৃষ্টি হয় বাড়তি কৌতূহল ও উৎসবমুখর পরিবেশ। হেলিকপ্টারে নববধূর আগমনের দৃশ্য দেখতে স্থানীয়দের মধ্যেও দেখা যায় আগ্রহ ও উচ্ছ্বাস। অনেকের কাছে এটি ছিল বিয়ের অনুষ্ঠানে এক নতুন অভিজ্ঞতা।

যুবক শাহিন ফকির বলেন, বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্‌যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।

এদিকে, স্থানীয় বাসিন্দা মো শরীফ, নোমান ও  ফরিদসহ অনেকে জানান, গ্রামে সচরাচর হেলিকপ্টার আসতে দেখা যায় না। তাই হেলিকপ্টারে নববধূ আসার খবর শুনে তারা দেখতে ছুটে এসেছেন। এমন ব্যতিক্রমী আয়োজনে তাদেরও বেশ আনন্দ লেগেছে। 

ডেইলি-বাংলাদেশ/ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!