ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
চাকরির প্রলোভনে তরুণীকে যৌনপল্লীতে বিক্রি, ২ জনের যাবজ্জীবন
ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে এক তরুণীকে রাজবাড়ীর দৌলতদিয়া যৌনপল্লীতে নিয়ে আটকে রেখে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা ও নির্যাতনের দায়ে দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে পৃথক ধারায় তাদের আরও সাত বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে রাজবাড়ী মানব পাচার ও অভিবাসী চোরাচালান অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌহিদুল ইসলাম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লীর মজি ফকিরের বাড়ির ভাড়াটিয়া এলেম খার স্ত্রী রোজী সরদারনি এবং বাহির চর দৌলতদিয়া শাহাদৎ মেম্বার পাড়ার বাসেদের ছেলে মজি ফকির। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন না।
আদালত সূত্রে জানা গেছে, মানব পাচার প্রতিরোধ ও দমন আইনের ৬ ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। এ ছাড়া একই আইনের ১১ ধারায় প্রত্যেককে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ১৫ অক্টোবর গাজীপুরের জয়দেবপুর থেকে ভালো বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে প্রতারণার মাধ্যমে এক তরুণীকে রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ে আসা হয়। পরে তাকে যৌনপল্লীর মজি ফকিরের বাড়িতে আটকে রেখে ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দেহ ব্যবসায় বাধ্য করা হয়।
এতে অস্বীকৃতি জানালে ২০১৫ সালের ১৭ নভেম্বর রাতে থেকে পরদিন সকাল পর্যন্ত বাঁশের লাঠি ও কাঠের চলা দিয়ে তার ওপর নির্যাতন চালানো হয়। তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসেন। পরে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
পরবর্তী সময়ে দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত এনজিওকর্মী ও স্থানীয় সাংবাদিকদের সহায়তায় সুস্থ হয়ে ওই তরুণী গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেন।
মামলার সাক্ষী, স্থানীয় গণমাধ্যমকর্মী ও এনজিওকর্মী শেখ রাজীব বলেন, ওই সময় পায়াকট্ বাংলাদেশের মানবাধিকার এবং অপ্রাপ্তবয়স্ক ও বন্ডেড মেয়েদের উদ্ধার প্রকল্পের মাধ্যমে তরুণীকে উদ্ধার করা হয়। সুস্থ হওয়ার পর অভিভাবকদের মাধ্যমে তাদের সহায়তায় মামলা করা হয়। দীর্ঘদিন পর মামলায় দুই আসামির যাবজ্জীবন কারাদণ্ড হওয়ায় তারা খুশি। এ রায়ের ফলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।
রাজবাড়ী মানব পাচার প্রতিরোধ ও দমন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জাহিদ উদ্দিন মোল্লা বলেন, সাক্ষীদের সাক্ষ্য ও তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে আদালত এ রায় দিয়েছেন। এর মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।