ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

১৮ বছর পর হোটেল কর্মচারী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:৩৯, ২৫ নভেম্বর ২০২৬
১৮ বছর পর হোটেল কর্মচারী হত্যা মামলায় তিনজনের যাবজ্জীবন
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জে হোটেল কর্মচারী জয়নাল আবেদীন হত্যা মামলার ১৮ বছর পর তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর বিচারক মোহাম্মদ জহির উদ্দিন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১১ জানুয়ারি কিশোরগঞ্জ শহরের বটতলা এলাকার কোহিনুর হোটেলে কর্মচারী হিসেবে কাজ করতেন জয়নাল আবেদীন। ওই দিন সন্ধ্যা ৭টার দিকে হোটেলে আসেন শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহের। একপর্যায়ে জয়নালকে চা-পুরি খাওয়ানোর কথা বলে তারা ডেকে নিয়ে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি।

পরদিন ১২ জানুয়ারি গাইটাল নয়াপাড়া মাটিকাটা হাওরের মাঝখান থেকে জয়নালের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়।

এ ঘটনায় প্রথমে টাকা-পয়সার বিরোধকে কেন্দ্র করে একই গ্রামের মানিকসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ তোলেন নিহতের স্ত্রী। পরে মানিক ভুঞা ও জামিল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ। তবে মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিতে পাঠানো হলে হত্যাকাণ্ডের রহস্যে নতুন তথ্য বেরিয়ে আসে।

তদন্তে আগের গ্রেপ্তার ব্যক্তিদের সম্পৃক্ততা না পাওয়ায় তাদের বাদ দিয়ে শাহজাহান সাজু, শফিকুল ইসলাম রতন ও আবু তাহেরের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে সিআইডি।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ১৮ বছর আগের এ হত্যা মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন আদালত।

ডেইলি-বাংলাদেশ/কিশোরগঞ্জ/এমকে
ট্যাগ: কিশোরগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!