ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ল ব্যানার-ফেস্টুন

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৮:২২, ২৫ নভেম্বর ২০২৬
বগুড়ায় বিএনপির কার্যালয়ে আগুন, পুড়ল ব্যানার-ফেস্টুন
ছবি: সংগৃহীত

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের সামনের অংশে টানানো কয়েকটি দলীয় ব্যানার ও ফেস্টুন পুড়ে গেছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, দুই থেকে তিনজন অজ্ঞাতপরিচয় যুবক দলীয় কার্যালয়টিতে আগুন দিচ্ছেন। এতে কার্যালয়ের সামনের অংশে টানানো কয়েকটি ব্যানার ও ফেস্টুন ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করে নন্দীগ্রাম থানা-পুলিশ।

এ ঘটনায় আওয়ামী লীগকে দায়ী করেছেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। তিনি বলেন, সারা দেশে আওয়ামী লীগ আগুন-সন্ত্রাস শুরু করেছে। মঙ্গলবার রাতে নন্দীগ্রামে তাদের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আগুন দিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!