ঢাকা,  রোববার   ০৪ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ রাজনীতি ]

অ্যাম্বুলেন্সে বগুড়া আদালতে হাজিরা দিলেন এনসিপির তানভীর

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৯:১৭, ৪ অক্টোবর ২০২৬
অ্যাম্বুলেন্সে বগুড়া আদালতে হাজিরা দিলেন এনসিপির তানভীর
গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়া আদালতে হাজিরা দেন গাজী সালাউদ্দিন তানভীর। ছবি: সংগৃহীত

গুরুতর অসুস্থ অবস্থায় অ্যাম্বুলেন্সে করে বগুড়ার আদালতে হাজিরা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অব্যাহতিপ্রাপ্ত কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীর।

রোববার (৪ অক্টোবর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে তাকে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে নেওয়া হয়। মামলার ধার্য তারিখে হাজিরার আনুষ্ঠানিকতা শেষে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে আবার ঢাকার ওই হাসপাতালে ফিরিয়ে নেওয়ার কথা রয়েছে।

তানভীরের আইনজীবী ও এনসিপির বগুড়া জেলা শাখার সিনিয়র যুগ্ম সদস্যসচিব অ্যাডভোকেট ইজাজ আল ওয়াসী জানান, তানভীর বর্তমানে গুরুতর শারীরিক সমস্যায় ভুগছেন। তার দাবি, কোমর থেকে নিচের অংশ অবশ হয়ে গেছে। বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি ফিজিওথেরাপিসহ চিকিৎসা নিচ্ছেন।

Advertisement

আদালত প্রাঙ্গণে ইজাজ আল ওয়াসী অভিযোগ করেন, একটি প্রকাশ্য ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তানভীরের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা করা হয়েছে। তার দাবি, রিমান্ড ও কারাগারে থাকার সময় তানভীর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এরপর থেকেই তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি ঘটে।

আইনজীবী আরও বলেন, এতটা অসুস্থ অবস্থায় সাধারণত আদালতে হাজিরার জন্য সময় চাওয়া হয়। কিন্তু আদালতের ধার্য তারিখে উপস্থিতি নিশ্চিত করতে ঝুঁকি নিয়েই তানভীরকে অ্যাম্বুলেন্সে করে বগুড়ায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়ার পাশাপাশি তার চিকিৎসাও চালিয়ে যাওয়া হবে।

মামলার নথি ও আইনজীবীর দেওয়া তথ্য অনুযায়ী, গত ৫ আগস্ট ভোরে ঢাকার মিরপুরের মণিপুরীপাড়া এলাকা থেকে তানভীরকে গ্রেপ্তার করা হয়। ওই দিনই তাকে বগুড়ার আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ১০ আগস্ট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আইনজীবীর দাবি, রিমান্ড ও কারাগারে থাকা অবস্থায় ব্রেন স্ট্রোক, প্যানিক ডিজঅর্ডার ও সার্ভিক্যাল স্পন্ডাইলোসিসজনিত জটিলতায় তানভীরের শারীরিক অবস্থার অবনতি হয়। পরে চিকিৎসকদের পরামর্শে তাকে প্রথমে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গত ৯ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ তানভীরকে এক বছরের জামিন দেন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ১৫ সেপ্টেম্বর সন্ধ্যায় তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এরপর থেকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তানভীরের বিরুদ্ধে মামলাটি প্রধানমন্ত্রীর বিষয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে করা হয়েছে বলে একাধিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মামলার অভিযোগ ও তার বিরুদ্ধে আনা অন্যান্য দাবির বিষয়ে আদালতের বিচারিক প্রক্রিয়ায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: বগুড়া
লিংক সফলভাবে কপি হয়েছে!