ঢাকা, মঙ্গলবার ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মাইশেলফে যুক্ত প্রভা, দেখা যাবে না মিথিলাকেও
জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর তৃতীয় সিজনে দেখা যাবে না অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। তার পরিবর্তে এবার সিরিজটিতে যুক্ত হয়েছেন সাদিয়া জাহান প্রভা। এরই মধ্যে শুরু হয়েছে নতুন সিজনের দৃশ্যধারণ।
গত ১৭ নভেম্বর থেকে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’-এর শুটিং শুরু হয়েছে। বরাবরের মতো নাম ভূমিকায় অভিনয় করছেন নাসির উদ্দিন খান। সিরিজ সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নতুন সিজনে আরও অভিনয় করছেন সালাহউদ্দিন লাভলু, জয়রাজ ও ফারজানা ছবি। এ মাসের শেষ দিকে শুটিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে প্রভার।
আগের দুই সিজনে অ্যালেন স্বপনের বিপরীতে শায়লা চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা পেয়েছিলেন মিথিলা। তবে বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। সেখানে কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে গবেষণা বিজ্ঞানী হিসেবে যোগ দেওয়ার পাশাপাশি সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে শিক্ষকতা করছেন। পেশাগত ব্যস্ততার কারণে দেশে এসে শুটিংয়ে অংশ নেওয়া সম্ভব হচ্ছে না তার। মূলত এ কারণেই তৃতীয় সিজনে থাকছেন না তিনি।
নতুন সিজনের বিষয়ে নির্মাতা শিহাব শাহীন বিস্তারিত কিছু বলতে চাননি। তিনি জানান, চুক্তিগত বাধ্যবাধকতার কারণে চরকির কোনো খবর তার পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব নয়। এ বিষয়ে চরকির নিজস্ব জনসংযোগ বিভাগ থেকে আনুষ্ঠানিক তথ্য জানানো হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সিরিজটির দৃশ্যধারণ শেষ হবে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পাবে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’।
২০২২ সালের ঈদুল আজহায় চরকিতে মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ সিরিজের মাধ্যমে প্রথম দর্শকের সামনে আসে অ্যালেন স্বপন চরিত্রটি। চট্টগ্রামের মাদক ব্যবসায়ী থেকে অর্থ পাচারের জগতে প্রভাবশালী হয়ে ওঠা এক ব্যক্তির চরিত্রে নাসির উদ্দিন খানের অভিনয় ব্যাপক সাড়া ফেলে। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় ২০২৩ সালে মুক্তি পায় ‘মাইশেলফ অ্যালেন স্বপন’-এর প্রথম সিজন এবং ২০২৫ সালে মুক্তি পায় দ্বিতীয় সিজন। দ্বিতীয় সিজনের শেষ দৃশ্যে মুখ ঢাকা এক রহস্যময় ব্যক্তির উপস্থিতি দর্শকদের মনে নতুন প্রশ্ন তৈরি করেছিল। এবার তৃতীয় সিজনে সেই রহস্যের জট খুলবে বলে প্রত্যাশা দর্শকদের।