ঢাকা, রোববার ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩
‘ইত্যাদি’ হবে ৩শ বছরের পুরোনো দীঘির পাড়ে
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব জয়পুরহাটের ঐতিহাসিক নান্দাইল দীঘির পাড়ে ধারণ করা হয়েছে। তিন শতাধিক বছরের পুরোনো দীঘির পাশে নান্দাইল দীঘি কলেজ প্রাঙ্গণে সাজানো হয় অনুষ্ঠানের মঞ্চ। হানিফ সংকেতের উপস্থাপনায় পর্বটি প্রচারিত হবে আগামী ২৭ নভেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে।
এবারের আয়োজনে থাকছে তিনটি ভিন্ন আঙ্গিকের গান। সংগীতশিল্পী খুরশীদ আলম গাইবেন তার জনপ্রিয় তিনটি গানের সমন্বয়ে বিশেষ পরিবেশনা। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে কাজী নজরুল ইসলামের একটি জনপ্রিয় গান নতুন সংগীতায়োজনে পরিবেশন করবেন ফাতেমা তুজ জোহরা ও ইয়াসমিন মুশতারি। এ ছাড়া জয়পুরহাটের ইতিহাস, ঐতিহ্য ও লোকসংস্কৃতি নিয়ে থাকছে বিশেষ নৃত্যগীত।
অনুষ্ঠানে তুলে ধরা হবে জেলার কৃষি, পোলট্রি শিল্প, দর্শনীয় স্থান ও ঐতিহ্যের নানা দিক। থাকবে বাকপ্রতিবন্ধী তিন ভাইয়ের জীবনসংগ্রাম এবং ছাই দিয়ে মাটির ক্যানভাসে প্রতিকৃতি তৈরি করা শিল্পী প্রসেনজিৎ বর্মনের গল্প। যশোরের কেশবপুরের লেয়াকত আলীর মানবিক কর্মকাণ্ডও তুলে ধরা হবে।
এ ছাড়া অনলাইন প্রতারণা, সেলফি সংস্কৃতি, কনটেন্ট ক্রিয়েটর, ডিজিটাল ট্রল ও সামাজিক যোগাযোগমাধ্যমের নানা প্রবণতা নিয়ে থাকছে ব্যঙ্গাত্মক নাট্যাংশ। দর্শকপর্ব, চিঠিপত্র এবং নিয়মিত অন্যান্য আয়োজনও থাকছে এবারের পর্বে।