পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মামলায় শুনানি আজ
চিত্রনায়িকা পরীমণিসহ তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে আজ। মঙ্গলবার (১৭ নভেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-১০-এ এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। শুনানিতে পরীমণির উপস্থিত থাকার কথা জানিয়েছেন তার আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভী।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর এ বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে পায়ে ব্যথার কারণে সেদিন আদালতে হাজির হতে পারেননি পরীমণি। তার আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত শুনানির নতুন তারিখ ১৭ নভেম্বর নির্ধারণ করেন।
২০২১ সালের ৪ আগস্ট রাজধানীর বনানীতে পরীমণির বাসায় অভিযান চালায় র্যাব। সংস্থাটির দাবি, অভিযানে বাসা থেকে বিপুল পরিমাণ বিদেশি মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়। এ ঘটনায় র্যাবের করা মামলায় পরীমণিকে গ্রেপ্তার করা হলেও পরে জামিনে মুক্তি পান তিনি।
মামলার অপর দুই আসামি হলেন পরীমণির ম্যানেজার আশরাফুল ইসলাম দিপু ও তার খালু কবীর হোসেন হাওলাদার।
২০২২ সালের ৫ জানুয়ারি বিচারিক আদালত তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেন। পরে ওই আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন পরীমণি। হাইকোর্টের পর্যবেক্ষণ ও রায়ের পর মামলায় পুনরায় অভিযোগ গঠনের বিষয়ে আদেশ আসে।