ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ বিনোদন ]

রঞ্জিত সাত বছর পর প্রিয়ার কাছেই ফিরলেন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০০:৪২, ১৭ নভেম্বর ২০২৬
রঞ্জিত সাত বছর পর প্রিয়ার কাছেই ফিরলেন
ছবি: সংগৃহীত

সাত বছরের দীর্ঘ দূরত্ব মনের টান আর পুরোনো স্মৃতির কাছে হার মানল । ১৬ বছরের সংসারের ইতি টেনে নতুন জীবন শুরু করলেও শেষ পর্যন্ত ভালোবাসার প্রথম ঠিকানাতেই ফিরে এলেন দক্ষিণ ভারতীয় অভিনেতা রঞ্জিত। দ্বিতীয় সংসার ভেঙে যাওয়া আর শরীরের কঠিন অসুস্থতার দিনে পরম মমতায় পাশে এসে দাঁড়িয়েছিলেন সাবেক স্ত্রী অভিনেত্রী প্রিয়া রমন। নিঃস্বার্থ সেই সেবাই মুছে দিল সব অভিমান, সাত বছর পর আবারও একই ছাদের নিচে নতুন করে বাঁচার স্বপ্ন বুনলেন এই তারকা দম্পতি।

রুপালি পর্দার রঙিন ভুবনে দুজনের পথচলা শুরু হয়েছিল ঠিক একই বছরে, ১৯৯৩ সালে। তামিল সিনেমা ‘পোন ভিলাঙ্গু’র হাত ধরে অভিনয়জীবনের প্রথম স্বপ্ন বুনতে শুরু করেন রঞ্জিত। একই বছর ‘ভাল্লি’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেন প্রিয়া রমন, যেখানে বিশেষ চরিত্রে ছিলেন কিংবদন্তি রজনীকান্ত।

এরপর নিজেদের মেধা ও পরিশ্রমে দক্ষিণী সিনেমায় আলাদা অবস্থান তৈরি করেন দুজনই। ‘সিন্ধু নাথি পু’, ‘মাইনর ম্যাপিল্লাই’, ‘নাটপুকাগা’, ‘ধর্ম’, ‘পুধুমাই পিথান’ ও ‘সুন্দরী নিয়ুম সুন্দরন নানুম’ সিনেমায় নিজের অভিনয়ের দ্যুতি ছড়ান রঞ্জিত। ১৯৯৮ সালে মুক্তি পাওয়া ‘মারু মালারচি’ সিনেমায় খলচরিত্রে অনবদ্য অভিনয় তাকে এনে দেয় তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার। অন্যদিকে মোহনলালের ‘মন্ত্রিকম’ ও ‘আরাম থাম্পুরান’, মামুটির ‘সাইন্যম’, কমল হাসানের ‘শুভ সংকল্পম’ এবং সুরেশ গোপীর ‘কাশ্মীরাম’ ও ‘ভূপতি’ সিনেমায় প্রাণবন্ত অভিনয়ে দক্ষিণ ভারতের একাধিক ভাষার দর্শকদের ভালোবাসায় সিক্ত হন প্রিয়া।

১৯৯৯ সালে ‘নেসাম পুধুসু’ সিনেমায় জুটি বেঁধেছিলেন রঞ্জিত ও প্রিয়া। শুটিংয়ের সেটে একসঙ্গে কাজ করতে গিয়েই একে অপরের প্রেমে পড়েন তারা, যা পরে গড়ায় বিয়ের পিঁড়িতে। ভালোবাসার সেই সংসারে আলো করে আসে দুই ছেলে। সংসার ও সন্তানদের সময় দিতে সিনেমার ব্যস্ততা কমিয়ে টেলিভিশন নাটকে মনোযোগী হন প্রিয়া। অন্যদিকে মোহনলালের ‘নাটুরাজাভু’ ও ‘চন্দ্রোৎসবম’ এবং মামুটির ‘রাজামানিক্যম’ সিনেমায় অভিনয় করে মালয়ালম দর্শকদের কাছেও জনপ্রিয় হয়ে ওঠেন রঞ্জিত।

তবে সুখের সেই সংসারে হঠাৎই কালো মেঘ জমে ২০১৪ সালে। প্রায় ১৬ বছরের দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনে আলাদা হয়ে যান তারা, যা অবাক করেছিল ভক্তদেরও। অভিনেতা ও নির্মাতা আলাপ্পি আশরাফ একসময় দাবি করেছিলেন, রঞ্জিতের বিবাহবহির্ভূত সম্পর্কের গুঞ্জন থেকেই তাদের সংসারে দূরত্ব তৈরি হয়েছিল। স্বামীর অন্য সম্পর্কের খবরে ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন প্রিয়া, অনেক চেষ্টা করেও তাসের ঘরের মতো ভেঙে যাওয়া সংসারটি আর জোড়া লাগাতে পারেননি। শেষ পর্যন্ত দুই সন্তানের মুখের দিকে তাকিয়ে, তাদের ভবিষ্যতের কথা ভেবে বুকভরা অভিমান নিয়েই আবার অভিনয়ে ফেরেন তিনি। যদিও বিচ্ছেদের পেছনের কারণ নিয়ে রঞ্জিত বা প্রিয়া কখনো প্রকাশ্যে কিছু বলেননি।

ডেইলি-বাংলাদেশ/এমএ
লিংক সফলভাবে কপি হয়েছে!