আদালতের রায় বাস্তবায়নের দাবিতে জাতীয় বিশ্ববিদ্যালয় লকডাউন, অবরুদ্ধ উপাচার্য
আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হলেও জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পাচ্ছেন না জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৯৮৮ কর্মকর্তা-কর্মচারী। এসব সুবিধা নিশ্চিত করার দাবিতে টানা দ্বিতীয় দিনের আন্দোলনে সোমবার ক্যাম্পাসের প্রধান ফটক বন্ধ করে লকডাউন ঘোষণা করেছেন তারা। এতে নিজ দপ্তরে অবরুদ্ধ হয়ে পড়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি ও উত্তেজনায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আন্দোলন শুরু করেন চাকরিতে পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। তারা উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন। আন্দোলনকারীদের অভিযোগ, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহালের নির্দেশনা থাকলেও জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা নিশ্চিত করা হচ্ছে না।
অন্যদিকে, আওয়ামী লীগপন্থি হিসেবে পরিচিত কর্মকর্তা-কর্মচারীরাও পাল্টা কর্মসূচি নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণের চেষ্টা করেন। এতে দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বিকেল ৩টার দিকে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক বন্ধ করে ক্যাম্পাসে লকডাউন ঘোষণা করেন। ফলে ক্যাম্পাসে স্বাভাবিক প্রবেশ ও চলাচল ব্যাহত হয়।
রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ নিজ দপ্তরে অবরুদ্ধ ছিলেন। আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীদের প্রতিনিধিদের সঙ্গে তাঁর বৈঠক চলছিল। তবে দীর্ঘ আলোচনা করেও কোনো সমাধান আসেনি।
অধিকারবঞ্চিত কর্মকর্তা-কর্মচারীদের দাবি আদায়ে গঠিত কমিটির আহ্বায়ক মো. নাজিম উদ্দীন শিশিমের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংগঠনের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের তথ্য ও সেবা সরবরাহ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মিয়া হোসেন রানা। সমাবেশ সঞ্চালনা করেন মো. আকরাম হোসেন।
সমাবেশে বক্তারা বলেন, ২০২৫ সালের ২৭ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর মধ্যে জীবিতদের চাকরিতে পুনর্বহাল এবং চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য করে তাদের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু চাকরিতে ফিরে আসার পরও আদালতের নির্দেশনা অনুযায়ী প্রাপ্য জ্যেষ্ঠতা, পদোন্নতি ও আর্থিক সুবিধা পাচ্ছেন না তারা।
আন্দোলনকারীদের দাবি, একই প্রতিষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের জন্য দুই ধরনের বেতননীতি থাকতে পারে না। বিদ্যমান পে-স্কেল অনুযায়ী চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত প্রাপ্য বকেয়া বেতন-ভাতা পরিশোধ করতে হবে। আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেন তারা।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, চারদলীয় জোট সরকারের আমলে ২০০৩ ও ২০০৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে নিয়োগ পাওয়া এসব কর্মকর্তা-কর্মচারীকে ২০১২ সালে চাকরিচ্যুত করা হয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করে তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দেন।
তবে আদালতের রায়ের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হওয়ার অভিযোগ তুলে রোববার থেকে আন্দোলনে নামেন পুনর্বহাল হওয়া কর্মকর্তা-কর্মচারীরা। তাদের বক্তব্য, শুধু চাকরিতে পুনর্বহাল করলেই হবে না; আদালতের নির্দেশনা অনুযায়ী জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখা, পদোন্নতির সুযোগ এবং বকেয়া আর্থিক সুবিধাও নিশ্চিত করতে হবে। এসব দাবি পূরণ না হওয়ায় দ্বিতীয় দিনের আন্দোলন থেকে ক্যাম্পাস লকডাউনের কর্মসূচিতে গড়ায় পরিস্থিতি।