সরকারের ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা
বাংলাদেশ সরকারের অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ২৩ লাখ ৩৭ হাজার ৫৭৫ কোটি টাকা। বিপুল এই ঋণের মূলধন ও সুদ পরিশোধে চলতি ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ সরকারের চলতি অর্থবছরের একটি বড় অংশই ব্যয় হবে আগের নেওয়া ঋণের দায় মেটাতে।
জাতীয় সংসদে জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুলের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ তথ্য জানান। অর্থমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত সরকারের মোট ঋণের মধ্যে অভ্যন্তরীণ ঋণ ১৩ লাখ ৩৭ হাজার ২৫০ কোটি টাকা। অন্যদিকে বৈদেশিক ঋণের পরিমাণ ১০ লাখ ৩২৫ কোটি টাকা। মোট ঋণের প্রায় ৫৭ শতাংশ অভ্যন্তরীণ এবং ৪৩ শতাংশ বৈদেশিক উৎস থেকে নেওয়া।
অর্থমন্ত্রী জানান, ২০২৬-২৭ অর্থবছরের নির্দিষ্টকরণ আইন অনুযায়ী অভ্যন্তরীণ ও বৈদেশিক ঋণের মূলধন এবং সুদ পরিশোধে ৮ লাখ ৮ হাজার ৭৭৮ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। তবে অর্থবছর শেষে প্রকৃত পরিশোধের পরিমাণে পরিবর্তন হতে পারে। বিশেষ করে সাধারণ ভবিষ্য তহবিল (জিপিএফ) ও জাতীয় সঞ্চয়পত্রের আগাম নগদায়নের পরিমাণ আগে থেকে নির্ভুলভাবে অনুমান করা সম্ভব হয় না। ফলে এসব খাতে ঋণের হিসাব এবং বছর শেষে পরিশোধের অঙ্ক কম-বেশি হতে পারে।
সংসদে দেওয়া আরেক তথ্য অনুযায়ী, ২০২৬ সালের মার্চ থেকে সেপ্টেম্বর পর্যন্ত সরকার প্রায় ২৯৫ কোটি ডলারের বৈদেশিক ঋণ পরিশোধ করেছে। নতুন বিদেশি ঋণ নেওয়ার ক্ষেত্রে প্রকল্প ও ঋণ প্রস্তাব যাচাই-বাছাই করা হচ্ছে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী। অপ্রয়োজনীয় প্রকল্প এড়ানোর পাশাপাশি উচ্চ সুদ, স্বল্প মেয়াদ এবং কঠোর শর্তযুক্ত ঋণের বিষয়ে সতর্ক থাকার কথা বলেছেন তিনি।
ঋণের এই বড় অঙ্ক দেশের আর্থিক ব্যবস্থাপনায় নতুন করে গুরুত্ব পাচ্ছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত মূল্যায়নে ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের সরকারি ও সরকার-নিশ্চিত ঋণ মোট দেশজ উৎপাদনের ৪১ দশমিক ৩ শতাংশে পৌঁছানোর তথ্য তুলে ধরা হয়। সংস্থাটির বিশ্লেষণে বলা হয়েছে, রাজস্ব আদায়ের তুলনায় অভ্যন্তরীণ ঋণের দায় ও ঋণ পরিশোধের চাপ বেশি হওয়ায় সরকারের আর্থিক সক্ষমতার ওপর ঝুঁকি তৈরি হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, উন্নয়ন প্রকল্প, অবকাঠামো ও বাজেটের ঘাটতি মেটাতে ঋণ নেওয়া অর্থনীতির স্বাভাবিক প্রক্রিয়া। তবে ঋণের অর্থ উৎপাদনশীল খাতে যথাযথভাবে ব্যবহার না হলে এবং রাজস্ব আয় না বাড়লে ভবিষ্যতে ঋণের কিস্তি ও সুদ পরিশোধের চাপ আরও বাড়তে পারে। এতে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা ও উন্নয়ন খাতে সরকারের ব্যয়ের সক্ষমতা সংকুচিত হওয়ার আশঙ্কা থাকে। তাই নতুন ঋণ গ্রহণের পাশাপাশি প্রকল্পের অর্থনৈতিক সুফল নিশ্চিত করা এবং কর-রাজস্ব বাড়ানোকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন অর্থনীতিবিদেরা।