ভুয়া এনএসআই কর্মকর্তা বানিয়ে চাকরির প্রতারণা, বাবা-মেয়ে গ্রেপ্তার
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে সরকারি চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে ২৮ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগে বাবা ও মেয়েকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে ভুয়া নিয়োগপত্র তৈরি করে এক যুবককে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে তথ্য সংগ্রহের কাজে ব্যবহারের অভিযোগও রয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন লাকী আক্তার (৩২) ও তার বাবা আমজাদ হোসেন (৬০)। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ফতুল্লার দেওভোগ এলাকার দাতা সড়ক থেকে তাদের গ্রেপ্তার করে ফতুল্লা মডেল থানা পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন (৬৬) থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, নিজাম উদ্দিন পরিবার নিয়ে ফতুল্লার পশ্চিম দেওভোগ এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। তিনি থান কাপড়ের ব্যবসা করেন। ২০২১ সালের প্রথম দিকে মেয়ের জামাতা খায়রুল ইসলাম রয়েলের মাধ্যমে লাকী আক্তারের সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর লাকী নিজেকে এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে সরকারি বিভিন্ন দপ্তরে ভালো যোগাযোগ থাকার কথা জানান। জনপ্রতি ১০ লাখ টাকার বিনিময়ে সরকারি চাকরি দেওয়ার প্রস্তাবও দেন।
নিজাম উদ্দিনের ছেলে মো. আবিদ হোসেন, মেয়ে নির্ঝনা আক্তার ও ছেলের স্ত্রী নিলা মনি আক্তার ডিগ্রি পাস করায় তাদের চাকরির ব্যবস্থা করতে লাকীর সঙ্গে আলোচনা চূড়ান্ত করেন তিনি। ছেলেকে এনএসআইতে এবং মেয়ে ও ছেলের স্ত্রীকে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে চাকরি দেওয়ার কথা হয়। এ সময় লাকীর বাবা আমজাদ হোসেনও তার মেয়ে এনএসআইয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলে দাবি করেন এবং টাকা দিলে সরকারি চাকরির ব্যবস্থা করতে পারবেন বলে আশ্বস্ত করেন।
এজাহারে বলা হয়, ২০২১ সালের ১০ মে বিকেল সাড়ে ৩টার দিকে ফতুল্লার পশ্চিম দেওভোগে নিজাম উদ্দিনের ভাড়া বাসায় সাক্ষীদের উপস্থিতিতে লাকীকে প্রথম দফায় নগদ ৫ লাখ টাকা দেওয়া হয়। টাকা গ্রহণের পর ২০২৫ সালের মধ্যে তিনজনের নিয়োগপত্র দেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। নিয়োগপত্র পাওয়ার পর বাকি টাকা নেওয়ার কথা জানান লাকী। চাকরি দিতে ব্যর্থ হলে তার বাবা আমজাদ হোসেন টাকা ফেরত দেবেন বলেও আশ্বাস দেন।
পরবর্তীতে ২০২৫ সালের ১৬ ডিসেম্বর আবিদ হোসেনের নামে এনএসআইয়ের ফিল্ড অফিসার পদে একটি নিয়োগপত্র দেন লাকী। এতে ২০২৬ সালের ১১ জানুয়ারি সকাল ৯টায় ঢাকার সেগুনবাগিচায় সংস্থাটির মহাপরিচালকের কার্যালয়ে যোগদানের সময় উল্লেখ করা হয়। তবে নির্ধারিত তারিখে সেখানে যেতে হবে না, তিনি নিজেই প্রয়োজনীয় ব্যবস্থা করবেন বলে আবিদকে জানান লাকী।
এজাহার অনুযায়ী, ২০২১ সালের ১০ মে থেকে ২০২৬ সালের ৫ এপ্রিল পর্যন্ত বিভিন্ন সময়ে চাকরি দেওয়ার কথা বলে লাকী ও তার বাবা মিলে নিজাম উদ্দিনের কাছ থেকে মোট ২৮ লাখ ৫০ হাজার টাকা নেন।
অভিযোগে আরও বলা হয়, নিয়োগপত্র দেওয়ার পর প্রায় চার-পাঁচ মাস ধরে আবিদকে এনএসআইয়ের ফিল্ড অফিসার পরিচয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে নিয়ে তথ্য সংগ্রহের কাজ করাতেন লাকী। আবিদকে বলা হতো, তার প্রশিক্ষণ চলছে। তবে গত ৯ জুলাই দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থানকালে রাজশাহী মহানগর পুলিশের রাজপাড়া থানা পুলিশ তাকে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজপাড়া থানায় দণ্ডবিধির ১৭০ ও ১৮৬ ধারায় মামলা হয়।
ছেলে গ্রেপ্তারের পর নিয়োগপত্রের সত্যতা নিয়ে সন্দেহ হয় নিজাম উদ্দিনের। পরে ছেলের সঙ্গে কথা বলে জানতে পারেন, তাকে এনএসআইয়ের কোনো ইউনিটে নিয়োগ দেওয়া হয়নি। পুরো বিষয়টি প্রতারণা বলে বুঝতে পেরে অভিযুক্তদের কাছে টাকা ফেরত চান তিনি। এ সময় তারা ভুল স্বীকার করে টাকা ফেরত দেওয়ার আশ্বাস দিলেও বিভিন্ন সময়ে তারিখ দিয়েও টাকা পরিশোধ করেননি।
এজাহারে আরও উল্লেখ করা হয়, সর্বশেষ গত ১৩ নভেম্বর বিকেল সোয়া ৪টার দিকে অভিযুক্তদের বাসায় গিয়ে টাকা ফেরত চাইলে তারা অস্বীকৃতি জানান। এ সময় তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়দের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করেন তিনি।
এজাহারের ভিত্তিতে লাকী আক্তার ও তার বাবা আমজাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপস) তারেক আল মেহেদী।