ঢাকা,  সোমবার   ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫২, ১৬ নভেম্বর ২০২৬
শিবচরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: সংগৃহীত

মাদারীপুরের শিবচরে পৃথক ঘটনায় পানিতে ডুবে জুনায়েত (১০) ও হুমায়রা (দেড়) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) দুপুর ও বিকেলে উপজেলার পৃথক দুটি স্থানে এসব ঘটনা ঘটে।

নিহত জুনায়েতের বাবা ওবায়দুল খালাসী। তাঁদের পরিবার শিবচর উপজেলা স্বাস্থ্য কলোনির একটি ভাড়া বাসায় বসবাস করে। অপর শিশু হুমায়রা উপজেলার সন্নাসীরচর ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামের আলম মিয়ার মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, সোমবার দুপুরে গোসল করতে শিবচর উপজেলা পরিষদের পুকুরে যায় জুনায়েত। সঙ্গে একটি লাইফ জ্যাকেট নিয়ে গেলেও পানিতে নামার সময় সেটি পরেনি সে। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে উপজেলা পরিষদের পুকুরের সিঁড়িঘাটে জুনায়েতের লাইফ জ্যাকেটটি পড়ে থাকতে দেখেন তাঁরা। পরে পুকুরে তল্লাশি চালিয়ে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

উদ্ধারের পর জুনায়েতকে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে, সোমবার বিকেলে সন্নাসীরচর ইউনিয়নের আজগর হাওলাদারকান্দি গ্রামে বাড়ির পাশে মাটি কাটার কারণে সৃষ্টি হওয়া গর্তে জমে থাকা পানিতে ডুবে মারা যায় দেড় বছরের শিশু হুমায়রা। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আল-মমিন বলেন, পানিতে ডুবে যাওয়া দুই শিশুকেই হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!