মাদারীপুরে সমাবেশের আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
মাদারীপুর শহরের শকুনি লেকের পাড়ে জেলা ও দায়রা জজের বাসভবনের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।
এদিকে একই এলাকায় বিচারকের বাসভবনের সামনে অবস্থিত মুক্তমঞ্চে মঙ্গলবার বিকেল ৪টায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
সমাবেশের কয়েক ঘণ্টা আগে বিচারকের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এ বিষয়ে মাদারীপুর জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হাসিবুল্লাহ বলেন, আমাদের সমাবেশে নষ্ট করার জন্য কিছু দুষ্কৃতিকারী বোমা বিস্ফোরণ ঘটিয়েছে। যেন আমরা সমাবেশ সুষ্ঠুভাবে করতে না পারি। প্রশাসনের কাছে জোর দাবি জানাই দ্রুত তদন্ত করে তাদের আইনের আওতায় আনা হোক।
মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, দলের অভ্যন্তরে কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। আবার সমাবেশকে কেন্দ্র করে ভয়ভীতি প্রদর্শনের উদ্দেশ্যেও এমন ঘটনা ঘটানো হয়ে থাকতে পারে। তবে তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।