ঢাকা,  শুক্রবার   ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত, ইরানের অস্বীকার

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১৫:০৫, ২৭ নভেম্বর ২০২৬
কুয়েতে ড্রোন হামলায় দুই ইতালীয় নাগরিক নিহত, ইরানের অস্বীকার
ছবি: সংগৃহীত

কুয়েতে সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো ড্রোন হামলা প্রতিহত করার সময় ছিটকে পড়া ধ্বংসাবশেষের আঘাতে দুই ইতালীয় নাগরিক নিহত হয়েছেন। তারা জার্মানির প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা প্রতিষ্ঠান রাইনমেটালের ইতালীয় শাখা রাইনমেটাল ইতালিয়ার কর্মী ছিলেন। এ ঘটনায় কুয়েতের এক সেনা কর্মকর্তা ও পাকিস্তানের এক নাগরিক আহত হয়েছেন। কুয়েত ও ইতালি এ ঘটনার জন্য ইরানকে দায়ী করলেও তেহরান অভিযোগ অস্বীকার করেছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কুয়েতের একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় এ ঘটনা ঘটে। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দেশটির আকাশসীমায় কয়েকটি শত্রুভাবাপন্ন ড্রোন শনাক্ত করে সেগুলো প্রতিহত করে সশস্ত্র বাহিনী। এ সময় ড্রোনের ধ্বংসাবশেষ একটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে। এতে চারজন আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দুই ইতালীয় নাগরিকের মৃত্যু হয়।

নিহত দুই ইতালীয় নাগরিক কুয়েতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রক্ষণাবেক্ষণের কাজে নিয়োজিত ছিলেন। তারা দেশটির সশস্ত্র বাহিনীর ব্যবহৃত স্কাইগার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শনাক্তকরণ অ্যানটেনার রক্ষণাবেক্ষণ করছিলেন।

ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি দেশটির পার্লামেন্টে জানান, নিহত ব্যক্তিরা রাইনমেটাল ইতালিয়ার কারিগরি কর্মী ছিলেন। হামলার সময় তারা কুয়েতের একটি সামরিক স্থাপনায় দায়িত্ব পালন করছিলেন। এ ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।

ইরানের বিরুদ্ধে অভিযোগ, তেহরানের অস্বীকার

কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘটনাটিকে ইরানের আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে। ইতালিও হামলার জন্য ইরানকে দায়ী করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী তাজানি বলেছেন, ইরানি উৎসের কয়েকটি ড্রোন কুয়েতের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। এ ঘটনায় ইরানের দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর প্রস্তুতি নিচ্ছে রোম।

তবে ইরান এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে। দেশটির সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আবোলফজল শেখারচি বলেছেন, ওই অঞ্চলে ইরানের সশস্ত্র বাহিনী কোনো সামরিক বা আক্রমণাত্মক অভিযান পরিচালনা করেনি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিও ইতালির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে তেহরানের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। একই সঙ্গে ঘটনার প্রকৃত উৎস ও দায়ীদের শনাক্ত করতে কুয়েত ও ইতালির সঙ্গে যৌথ তদন্তে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছেন।

হরমুজ প্রণালিতে দুটি জাহাজে হামলা

এদিকে কুয়েতে হামলার পাশাপাশি হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় দুটি বাণিজ্যিক জাহাজে হামলার খবর পাওয়া গেছে। যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, ২৪ ঘণ্টার মধ্যে দুটি ট্যাংকার অজ্ঞাত বস্তু বা প্রক্ষেপণের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর একটি ওমানের পূর্বদিকে এবং অন্যটি দুবাইয়ের পশ্চিমে প্রায় ৯৩ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

দুটি জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন বলে জানিয়েছে সংস্থাটি। তবে হামলার প্রকৃত উৎস সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

অন্যদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, অনুমতি ছাড়া হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করায় দুটি ট্যাংকার নৌমাইনে আঘাত পেয়ে আগুন ধরে যায়। তবে ইরানের এ দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

মধ্যপ্রাচ্যে বাড়ছে উত্তেজনা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের মধ্যে উপসাগরীয় অঞ্চলে হামলা ও পাল্টা হামলার ঘটনা বেড়েছে। হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ায় আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও সামুদ্রিক বাণিজ্য নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে।

কুয়েতের সামরিক স্থাপনায় হামলায় দুই ইতালীয় নাগরিকের মৃত্যু ইউরোপীয় দেশগুলোর মধ্যেও উদ্বেগ বাড়িয়েছে। ইতালি ঘটনার প্রতিবাদ জানানোর প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে ইরান যৌথ তদন্তে সহযোগিতার প্রস্তাব দিয়েছে।

আন্তর্জাতিক পর্যবেক্ষকদের নজর এখন উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি এবং হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ চলাচলের ওপর।

সূত্র: রয়টার্স, এবিসি নিউজ, আলজাজিরা, ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!