ঢাকা, বুধবার ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩
ইসরায়েলে সরকার গঠনে প্রথম জোটসঙ্গী পেলেন আইজেনকোট
ইসরায়েলে নতুন সরকার গঠনের প্রচেষ্টায় প্রথম জোটসঙ্গী পেয়েছেন গাডি আইজেনকোট। তার নেতৃত্বাধীন ‘ইয়াশার’ পার্টি আভিগদোর লিবারম্যানের ডানপন্থী ‘আওয়ার হোম’ পার্টির সঙ্গে জোট চুক্তিতে সম্মত হয়েছে। অক্টোবরের নির্বাচনের পর এটিই দেশটিতে প্রথম জোট চুক্তি।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ইয়াশার পার্টি জানায়, দলীয় নেতা আইজেনকোট ও আভিগদোর লিবারম্যানের মধ্যে বৈঠকের পর এ সমঝোতা হয়।
নির্বাচনে কোনো দলই পার্লামেন্টের ১২০টি আসনের মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন নিশ্চিত করতে পারেনি। ফলে ১০ নভেম্বর পার্লামেন্ট সদস্যরা শপথ নিলেও নতুন সরকার গঠন সম্ভব হয়নি।
প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ সরকার গঠনের দায়িত্ব দিয়েছেন আইজেনকোটকে। এ জন্য তিনি ২৮ দিন সময় পেয়েছেন, যা আগামী ৬ ডিসেম্বর শেষ হবে। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন তিনি। আইজেনকোট ব্যর্থ হলে সরকার গঠনের সুযোগ পাবেন বর্তমান অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনিও ব্যর্থ হলে আগামী বছর আবার নির্বাচন হতে পারে।
নির্বাচনে আইজেনকোটের ইয়াশার পার্টি ২১টি এবং লিবারম্যানের আওয়ার হোম পার্টি সাতটি আসন পেয়েছে। দুই নেতার এই সমঝোতাকে অপ্রত্যাশিত হিসেবে দেখা হচ্ছে। লিবারম্যান বরাবরই আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছেন। একই সঙ্গে নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনেরও বিরোধী তিনি।
একসময় নেতানিয়াহুর সরকারে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করলেও পরবর্তী সময়ে তার কট্টর সমালোচকে পরিণত হন লিবারম্যান।
নির্বাচনে নেতানিয়াহুর ডানপন্থী লিকুদ পার্টি এবং তাদের জোটের অতি ডানপন্থী ও অতি রক্ষণশীল ইহুদি দলগুলো প্রত্যাশার চেয়ে ভালো ফল করলেও সংখ্যাগরিষ্ঠতা পায়নি। বর্তমানে পার্লামেন্টে তাদের আসনসংখ্যা ৫৩।
অন্যদিকে, আইজেনকোটের কেন্দ্র-ডানপন্থী ইয়াশার পার্টি ও তাদের জোটসঙ্গীদের আসনসংখ্যা ৪৮। তবে সরকার গঠনে সমর্থন দিতে পারে ইসরায়েলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলো। এসব দলের হাতে রয়েছে ১৯টি আসন। নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে এসব দলের সঙ্গে আইজেনকোটের অবস্থানের মিল রয়েছে।
এদিকে, আইজেনকোটের ‘চেঞ্জ ব্লকের’ কয়েকটি শরিক দল এবং লিকুদ পার্টির মধ্যে ঐক্য সরকার গঠনের সম্ভাবনা নিয়েও আলোচনা চলছে।
তবে এ আলোচনার জেরে আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করেছে বামপন্থী ডেমোক্র্যাটস পার্টি। নির্বাচনে দলটি আটটি আসন পেয়েছে। নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে সম্ভাব্য ঐক্য সরকার নিয়ে আলোচনার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দলটির অভিযোগ।
ডেমোক্র্যাটস পার্টির প্রধান ইয়াইর গোলান বলেছেন, নেতানিয়াহুকে বাদ দিয়ে এবং আরব দলগুলোকে অন্তর্ভুক্ত করে সরকার গঠন করাই তাদের অগ্রাধিকার।