ঢাকা,  বুধবার   ২৫ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেওয়ার পর তরুণীকে হত্যা

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ০৯:৩৮, ২৫ নভেম্বর ২০২৬
ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর দেওয়ার পর তরুণীকে হত্যা
হেলিয়া ফাত্তাহি। ফাইল ছবি

ইরানের পশ্চিমাঞ্চলীয় শহর সানন্দাজে হেলিয়া ফাত্তাহি নামে এক তরুণীকে হত্যার অভিযোগে তার মা–বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। মানবাধিকার সংগঠনগুলোর দাবি, দুই মাসের অন্তঃসত্ত্বা হওয়ার কথা পরিবারকে জানানোর পর তাকে শ্বাসরোধে হত্যা করা হয়।

কুর্দিস্তান প্রদেশের অপরাধ তদন্ত পুলিশের প্রধান শাহরাম আবদি মঙ্গলবার জানান, জিজ্ঞাসাবাদে হেলিয়ার মা–বাবা দুজনই হত্যার দায় স্বীকার করেছেন। এক তরুণীর মৃত্যুর খবর পেয়ে গোয়েন্দারা তার বাড়িতে গিয়ে হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হন। পুলিশের ভাষ্য অনুযায়ী, মা–বাবা ‘পারিবারিক কলহের’ জেরে এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছেন।

মানবাধিকার সংগঠন হেংগাওয়ের প্রতিবেদন অনুযায়ী, শনিবার রাতে সানন্দাজের নাইসার এলাকায় নিজ বাড়িতে খুন হন হেলিয়া। সংগঠনটির সূত্রের দাবি, ঘটনার এক সপ্তাহ আগে তিনি পরিবারকে অন্তঃসত্ত্বা হওয়ার কথা জানিয়েছিলেন। এরপর মা–বাবা তাকে মারধর করে শ্বাসরোধে হত্যা করেন। হেংগাও ও আরেক মানবাধিকার সংগঠন হানা ঘটনাটিকে কথিত ‘অনার কিলিং’ বা পরিবারের সম্মান রক্ষার নামে হত্যা হিসেবে উল্লেখ করেছে।

পুলিশ ও হেংগাওয়ের তথ্য অনুযায়ী, নিহত হেলিয়ার বয়স ১৯ বছর। তবে হানার দাবি, তার বয়স ছিল ১৬ বছর। হেলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি কিংবা হত্যার পদ্ধতি নিয়ে পুলিশ কোনো মন্তব্য করেনি।

হানা আরও জানিয়েছে, ইরানি সংবাদমাধ্যম রোকনা তাদের প্রকাশিত হেলিয়ার একটি ছবি কোনো সূত্রের স্বীকৃতি ছাড়াই পুনঃপ্রকাশ করেছে। পাশাপাশি ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করে ছবিতে হিজাব যুক্ত করা হয়েছে। হানা এ ঘটনাকে ছবির বিকৃতি এবং সাংবাদিকতার নীতিমালার গুরুতর লঙ্ঘন বলে অভিহিত করেছে।

এক সপ্তাহে তিন তরুণী ও কিশোরী নিহত

এক সপ্তাহের কিছু বেশি সময়ের মধ্যে ইরানে তিন তরুণী ও কিশোরী হত্যার ঘটনা সামনে এসেছে। এসব ঘটনা দেশজুড়ে আলোচনার জন্ম দিয়েছে।

গত ১৮ নভেম্বর উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে নিজের জন্মদিনের অনুষ্ঠানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ২৩ বছর বয়সী সাদাফ হাগবিন। স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তার সাবেক প্রেমিক গুলি চালিয়েছিলেন। সংবাদমাধ্যম খবর অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

এর কয়েক দিন আগে কেরমানশাহ শহরে একটি ভবনের পঞ্চম তলা থেকে পড়ে মারা যান ১৬ বছর বয়সী স্কুলছাত্রী সোগান্দ সায়াদি। শিক্ষক ইউনিয়নগুলোর একটি জাতীয় নেটওয়ার্কের দাবি, ওই ছাত্রী স্কুল কর্তৃপক্ষকে আগেই জানিয়েছিলেন, বাবার সঙ্গে বাড়ি পাঠানো হলে তিনি তাকে হত্যা করতে পারেন। ময়নাতদন্তকারী চিকিৎসক জানিয়েছেন, ওপর থেকে পড়ে পাওয়া আঘাতেই তার মৃত্যু হয়েছে। তবে কেরমানশাহর সরকারি কৌঁসুলি বলেছেন, মৃত্যুর পেছনের পরিস্থিতি তদন্ত করে দেখা হচ্ছে।

‘স্বচ্ছ তথ্যের অভাব’

গণমাধ্যমে প্রকাশিত খবরের হিসাব অনুযায়ী, গত ২১ মার্চ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত ইরানে অন্তত ৮৪ জন নারী ও কিশোরী হত্যার শিকার হয়েছেন। এর মধ্যে ৭৫টি ঘটনায় হত্যাকারী ছিলেন ভুক্তভোগীদের পূর্বপরিচিত। নিহতদের মধ্যে ১২ জনের বয়স ছিল ১৮ বছরের নিচে। তাঁদের মধ্যে আটজনকে বাবা, ভাই অথবা রক্তের সম্পর্কের কোনো আত্মীয় হত্যা করেছেন। তবে এ হিসাব কেবল গণমাধ্যমে প্রকাশিত ঘটনাগুলোর ভিত্তিতে তৈরি।

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবসের আগে সোমবার হানা জানিয়েছে, ইরানে নারী হত্যার ঘটনা বাড়তে থাকায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। সংস্থাটির আইনি দপ্তরের ভাষ্য, স্বচ্ছ তথ্যের অভাব এবং পারিবারিক সহিংসতার অনেক ঘটনা আড়ালে থেকে যাওয়ায় সমস্যার প্রকৃত চিত্র বোঝা কঠিন হয়ে পড়েছে। ঝুঁকিতে থাকা নারীদের জন্য নিরাপদ আশ্রয়কেন্দ্র ও আইনি সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

নারীদের সহিংসতা থেকে সুরক্ষায় একটি খসড়া বিল ১৫ বছরের বেশি সময় ধরে সরকার, পার্লামেন্ট ও রাষ্ট্রের বিভিন্ন সংস্থার মধ্যে প্রক্রিয়াধীন রয়েছে। তবে এখনো এটি আইনে পরিণত হয়নি।

ইরানের ইসলামি দণ্ডবিধির ৩০১ নম্বর ধারা অনুযায়ী, কোনো বাবা বা দাদা নিজের সন্তান কিংবা নাতি-নাতনিকে হত্যা করলে তিনি ‘কিসাস’ বা সমপর্যায়ের শাস্তি থেকে অব্যাহতি পান। তবে মায়ের ক্ষেত্রে এ ছাড় প্রযোজ্য নয়। সোগান্দ সায়াদির মৃত্যুর পর আইনজীবী ও নারী অধিকারকর্মীরা এ আইন পরিবর্তন এবং নারীদের সুরক্ষায় নতুন আইন প্রণয়নের দাবি জানিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!