ঢাকা,  মঙ্গলবার   ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে জাপানের দ্বীপে যুক্ত হলো ৫০ হেক্টর নতুন ভূমি

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২১:৪৪, ২৪ নভেম্বর ২০২৬
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে জাপানের দ্বীপে যুক্ত হলো ৫০ হেক্টর নতুন ভূমি
ছবি: সংগৃহীত

সমুদ্রের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে জাপানের ইও জিমা দ্বীপের উপকূলে প্রায় ৫০ হেক্টর নতুন ভূমি তৈরি হয়েছে। এতে দ্বীপটির আয়তন বেড়েছে প্রায় ১ দশমিক ৭ শতাংশ। স্যাটেলাইটের ছবিতে নতুন এই ভূমির অস্তিত্ব ধরা পড়েছে। তবে সমুদ্রের ঢেউয়ের আঘাতে নতুন ভূমি কত দিন টিকে থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার (NASA) আর্থ অবজারভেটরি এ তথ্য প্রকাশ করেছে। সংস্থাটি জানিয়েছে, জাপানের উপকূলরক্ষী বাহিনী গত ১৬ নভেম্বর নতুন ভূমি সৃষ্টির বিষয়টি নিশ্চিত করে।

নাসার তথ্য অনুযায়ী, গত অক্টোবরের শেষ দিকে ইও জিমার দক্ষিণ-পূর্ব উপকূলের অগভীর সমুদ্রে আগ্নেয়গিরির তৎপরতা শুরু হয়। ২৭ অক্টোবর ভূকম্পন পর্যবেক্ষণ যন্ত্রে অস্বাভাবিক কম্পন ধরা পড়ে। একই সময় জাপানের আবহাওয়া সংস্থা অগ্ন্যুৎপাতের প্রথম ছবি প্রকাশ করে।

স্যাটেলাইটের পর্যবেক্ষণে দেখা যায়, সমুদ্রের নিচে অগ্ন্যুৎপাতের ফলে নির্গত আগ্নেয় ছাই, পাথরের টুকরো ও অন্যান্য উপাদান জমে নতুন ভূমি তৈরি হয়েছে। এটি দ্বীপের দক্ষিণ-পূর্ব উপকূলের বিদ্যমান কালো বালুর সৈকতের সঙ্গে যুক্ত হয়েছে। নতুন ভূমির আয়তন প্রায় ৫০ হেক্টর বা ১২৫ একর, যা প্রায় ৯০টি আমেরিকান ফুটবল মাঠের সমান।

নতুন ভূমির অস্তিত্ব শনাক্ত করতে একাধিক স্যাটেলাইটের তথ্য বিশ্লেষণ করেছেন বিজ্ঞানীরা। নাসার ল্যান্ডস্যাট-৯ স্যাটেলাইট ২৬ অক্টোবর অগ্ন্যুৎপাতের আগের উপকূলের ছবি ধারণ করে। পরে ১১ নভেম্বর একই এলাকার নতুন ছবি তোলা হয়। দুটি ছবি তুলনা করে উপকূলের আকৃতিতে বড় পরিবর্তন দেখা যায়।

এ ছাড়া নাসা ও ভারতের যৌথ উদ্যোগে পরিচালিত নিসার (NISAR) রাডার স্যাটেলাইট ২৮ অক্টোবর মেঘের আড়ালেও সমুদ্রের পানিতে অস্বাভাবিক পরিবর্তন শনাক্ত করে। পরে নাসা ও যুক্তরাষ্ট্রের জাতীয় সমুদ্র ও বায়ুমণ্ডলীয় প্রশাসনের (এনওএএ) মোডিস ও ভিআইআইআরএস সেন্সরেও আগ্নেয়গিরির উত্তাপ এবং ধোঁয়ার চিহ্ন ধরা পড়ে।

নাসার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারের বিজ্ঞানী ড্যানিয়েল স্লেব্যাক বলেন, ইও জিমার দক্ষিণ-পূর্ব উপকূলে ২০২৩ সালের ডিসেম্বরেও একই ধরনের অগ্ন্যুৎপাত হয়েছিল। তখন তৈরি হওয়া নতুন ভূমি কয়েক সপ্তাহের মধ্যেই সমুদ্রের ঢেউয়ে বিলীন হয়ে যায়। এবার তৈরি হওয়া ভূমিও কয়েক মাসের মধ্যে ধুয়ে যেতে পারে বলে তার ধারণা। তবে বিষয়টি নিশ্চিত হতে আরও পর্যবেক্ষণ প্রয়োজন।

নাসার প্রধান বিজ্ঞানী ও ভূতত্ত্ববিদ জেমস গারভিনের মতে, আগ্নেয় ছাই ও পাথরের টুকরো দিয়ে তৈরি নতুন ভূমি সাধারণত সমুদ্রের ঢেউয়ে দ্রুত ক্ষয় হয়ে যায়। তবে এর সঙ্গে যদি নির্দিষ্ট ধরনের লাভা মিশে শক্ত স্তর তৈরি হয়, তাহলে ভূমিটি দীর্ঘস্থায়ী হতে পারে। লাভা জমে আগ্নেয় পদার্থকে একসঙ্গে আটকে রাখলে তা অনেকটা সিমেন্টের মতো কাজ করে।

বিজ্ঞানীরা নতুন ভূমিটির স্থায়িত্ব, উচ্চতা ও আকৃতির পরিবর্তন পর্যবেক্ষণে নিসার স্যাটেলাইটের তথ্য ব্যবহার করবেন। পাশাপাশি উচ্চক্ষমতাসম্পন্ন বাণিজ্যিক স্যাটেলাইটের ছবিও বিশ্লেষণ করা হবে। এতে নতুন ভূমিতে ফাটল, ক্ষয় ও ধসের লক্ষণ শনাক্ত করা সম্ভব হবে।

প্রশান্ত মহাসাগরের পশ্চিমাঞ্চলে অবস্থিত ইও জিমা টোকিও থেকে প্রায় ১ হাজার ২০০ কিলোমিটার দক্ষিণে। দ্বীপটি জাপানে ইওতো নামেও পরিচিত। ১৯৪৫ সালের ১৯ ফেব্রুয়ারি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এ দ্বীপের দক্ষিণ-পূর্ব সৈকতে মার্কিন সেনারা অবতরণ করেছিল। এর মধ্য দিয়ে শুরু হয় ঐতিহাসিক ইও জিমা যুদ্ধ।

বিজ্ঞানীদের মতে, সমুদ্রের নিচে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে নতুন ভূমি তৈরি এবং পরে তা ক্ষয়ে যাওয়ার প্রক্রিয়া পর্যবেক্ষণের বিরল সুযোগ তৈরি হয়েছে এ ঘটনায়। নতুন ভূমিটি শেষ পর্যন্ত স্থায়ী দ্বীপের অংশ হবে, নাকি সমুদ্রের ঢেউয়ে বিলীন হয়ে যাবে, তা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!