ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

উত্তর-পশ্চিমে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১৭:১৯, ১৮ নভেম্বর ২০২৬
উত্তর-পশ্চিমে এগোচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’
সংগৃহীত ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে অন্ধ্রপ্রদেশের নারসাপুর ও ওডিশার পুরীর মধ্যবর্তী উপকূল দিয়ে স্থলভাগে আঘাত হানতে পারে। এ সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে আইএমডি জানায়, ঘূর্ণিঝড়টি বর্তমানে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং এর সংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরের ওপর দিয়ে উত্তর-উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে।

এর আগে, ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী এলাকায় আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছিল সংস্থাটি। তবে সর্বশেষ পূর্বাভাসে সম্ভাব্য স্থলভাগে আঘাতের স্থান পরিবর্তনের কথা জানানো হয়েছে।

এদিকে, উত্তর অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলে সতর্কতা জারি রয়েছে। পাশাপাশি দক্ষিণ ওডিশা উপকূলেও সতর্কতা দেওয়া হয়েছে।

আইএমডি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ইয়ানাম ও ওডিশার বাসিন্দাদের সতর্ক থাকার এবং আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড়টি বর্তমানে চেন্নাই থেকে প্রায় ৫৭০ কিলোমিটার পূর্বে, বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ-পূর্বে, মাচিলিপত্তনম থেকে ৫৯০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, গোপালপুর থেকে ৭১০ কিলোমিটার দক্ষিণে এবং পুরী থেকে ৭৭০ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে ওডিশার মালকানগিরি জেলায় ১৯ ও ২০ নভেম্বর স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপকূলীয় এলাকাগুলোতে সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় সতর্কতামূলক প্রস্তুতি নেওয়া হচ্ছে। সূত্র: হিন্দুস্তান টাইমস

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!