ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
কাশ্মীরে বন্দুকযুদ্ধে লস্কর কমান্ডার লতিফ ভাট নিহত
ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) শীর্ষ কমান্ডার লতিফ ভাট নিহত হয়েছেন। গত ১১ নভেম্বর সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) একটি তল্লাশিচৌকিতে হামলার ঘটনায় তিনি জড়িত ছিলেন বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কর্মকর্তাদের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, লতিফ একটি মসজিদের ভেতরে আত্মগোপন করেছিলেন। নিরাপত্তা বাহিনী তাকে আত্মসমর্পণের আহ্বান জানালে তিনি গুলি চালান।
গত ১১ নভেম্বর লতিফ ও তার সহযোগী উমর নিসার দার আখরানে সিআরপিএফের একটি তল্লাশিচৌকিতে হামলা চালান। এতে বাহিনীর তিন সদস্য আহত হন। সোমবার কুলগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে উমর নিসার দার নিহত হন।
এদিকে, ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর ঘেরাও ও তল্লাশি অভিযান চলছিল। এ সময় ৫০০ জনের বেশি মানুষকে জিজ্ঞাসাবাদ করা হয়। মঙ্গলবার রাত ২টা ৪৫ মিনিটের দিকে নতুন করে নিরাপত্তা বাহিনীর সঙ্গে লতিফের বন্দুকযুদ্ধ শুরু হয়।
এর আগে ভিডিও কলের মাধ্যমে পুলিশ কর্মকর্তারা লতিফের সঙ্গে যোগাযোগ করে তাকে আত্মসমর্পণের আহ্বান জানান। এ সময় এক পুলিশ কর্মকর্তাকে বলতে শোনা যায়, ‘আমরা তোমার সঙ্গে আছি।’ তবে আত্মসমর্পণে রাজি হননি লতিফ। তিনি বলেন, ‘আমাকে আল্লাহর সঙ্গে দেখা করতে হবে। আমি খুব খুশি।’
জ্যেষ্ঠ পুলিশ সুপার (এসএসপি) আনায়াত আলী জানান, লতিফকে আত্মসমর্পণ করাতে একাধিকবার চেষ্টা করা হয়েছিল। তিনি নিজেও ভিডিও কলে তার সঙ্গে কথা বলেন। দীর্ঘ সময় ধরে তাকে বোঝানোর চেষ্টা করা হয় যে, তার সামনে এখনো অনেক জীবন পড়ে আছে। তিনি তরুণ, চাইলে নতুন করে জীবন শুরু করতে পারেন। কিন্তু কোনোভাবেই তাকে আত্মসমর্পণে রাজি করানো যায়নি।
আনায়াত আলী আরও জানান, মসজিদের বাইরে মাইক ব্যবহার করেও লতিফকে আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। কিন্তু তিনি সাড়া দেননি। রাত ২টা ৪৫ মিনিটের দিকে লতিফ নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালালে বন্দুকযুদ্ধ শুরু হয়। মসজিদের ভেতর থেকে গুলি চালানোর কারণে অভিযান পরিচালনার সময় নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সংযম দেখায়।
লতিফ নিহত হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানান সিআরপিএফপ্রধান জিপি সিং। এক্সে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, ‘অভিনন্দন বন্ধুরা। কিছু প্রতিশোধ ঠাণ্ডা আবহাওয়াতেও ঠাণ্ডা মাথায় নেওয়াই ভালো।’ বন্দুকযুদ্ধের ঘটনাকে ইঙ্গিত করেই তিনি এ মন্তব্য করেছেন বলে ধারণা করা হচ্ছে।
জম্মু ও কাশ্মীর পুলিশও সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দিয়েছে। এতে লেখা হয়েছে, ‘তুমি পালাতে পারো, কিন্তু লুকাতে পারবে না।’
এর আগে গত মঙ্গলবার পুলিশ সিসিটিভি ক্যামেরার কয়েকটি ভিডিও প্রকাশ করে। এতে দেখা যায়, সিআরপিএফের তল্লাশিচৌকিতে হামলার আগে উমর নিসার দার ও লতিফ ভাট ওই এলাকায় ঘোরাফেরা করছেন। পুলিশের দাবি, হামলার আগে তারা একসঙ্গে বিভিন্ন এলাকা ঘুরে দেখেছিলেন।
পুলিশের এক কর্মকর্তা জানান, ১০ নভেম্বর লতিফ ভাটকে সঙ্গে নিয়ে উমর নিসার দার মির বাজার, আখরান, হাবলিশ ও কিলামসহ বিভিন্ন এলাকায় যান। নিরাপত্তা বাহিনীর সম্ভাব্য অবস্থান ও হামলার লক্ষ্যবস্তু চিহ্নিত করাই ছিল তাদের উদ্দেশ্য। পরদিন ১১ নভেম্বর তারা আখরানে সিআরপিএফের তল্লাশিচৌকিতে হামলা চালিয়ে পালিয়ে যান।
সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে তাদের শনাক্ত করা হয় বলে জানিয়েছে পুলিশ। ফুটেজে হামলার আগে বিভিন্ন এলাকায় তাদের চলাচল এবং হামলার পর পালিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়ে।
পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, উমর নিসার দার আত্মগোপনে যাওয়ার পর তার পরিবার কুলগামের একটি থানায় নিখোঁজের অভিযোগ করেছিল। গত পাঁচ থেকে ছয় মাস ধরে দার লতিফকে থাকার জায়গা ও অন্যান্য প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছিলেন।
লতিফ ভাট কুলগামের স্থানীয় বাসিন্দা ছিলেন। তিনি স্থানীয়ভাবে লস্কর-ই-তৈয়বায় যোগ দেন। তার বিরুদ্ধে একাধিক হামলায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। গত ২২ জুলাই অনন্তনাগে পুলিশের ওপর চালানো একটি হামলায়ও তিনি জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই হামলায় কর্তব্যরত এক পুলিশ সদস্য নিহত হন।