ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চীনে কিমের সঙ্গে বৈঠক হতে পারে, জানালেন ট্রাম্প

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৪৮, ১৭ নভেম্বর ২০২৬
চীনে কিমের সঙ্গে বৈঠক হতে পারে, জানালেন ট্রাম্প
ছবি: সংগৃহীত

চীন সফরে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে বৈঠকের সম্ভাবনার কথা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে চীনে এমন বৈঠক হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। তবে কিমের উপস্থিতি পুরোপুরি নির্ভর করছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সিদ্ধান্তের ওপর।

সোমবার (১৬ নভেম্বর) হোয়াইট হাউস থেকে ফিলিপাইন ও চীনের উদ্দেশে যাত্রার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ কথা বলেন।

তিনি বলেন, শি জিনপিংয়ের সঙ্গে তার বৈঠক হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গেও আলোচনা করবেন তিনি। এ ছাড়া কিম জং উনের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনাও রয়েছে। এমন বৈঠক হলে তা থেকে অনেক কিছু অর্জনের সুযোগ তৈরি হতে পারে।

কিমের চীন সফরের বিষয়ে ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার নেতা চীনে আসতেও পারেন, আবার নাও আসতে পারেন। বিষয়টি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।

এর আগে ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নিজের প্রথম মেয়াদে কিম জং উনের সঙ্গে তিনবার সরাসরি বৈঠক করেন ট্রাম্প। এসব বৈঠকের মাধ্যমে দুই দেশের মধ্যে নজিরবিহীন কূটনৈতিক যোগাযোগ তৈরি হলেও উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি।

বর্তমান মেয়াদেও কিমের সঙ্গে নতুন করে বৈঠকের আগ্রহ প্রকাশ করে আসছেন ট্রাম্প। এর আগে এ ধরনের বৈঠকের সম্ভাবনার কথা বললেও তা বাস্তবে রূপ নেয়নি।

অন্যদিকে, উত্তর কোরিয়া বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার প্রয়োজন দেখছে না বলে জানিয়েছে। একই সঙ্গে ওয়াশিংটনের বৈরী নীতির সমালোচনা করেছে পিয়ংইয়ং। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারাও এর আগে জানিয়েছিলেন, কিমের সঙ্গে শিগগিরই বৈঠকের কোনো পরিকল্পনা নেই।

এদিকে, চীনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সম্ভাব্য বৈঠক নিয়েও আলোচনা চলছে। রাশিয়ার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, কিম চীনে গেলে পুতিনের সঙ্গেও তার বৈঠক হতে পারে।

ট্রাম্প জানিয়েছেন, শি জিনপিং ও পুতিনের সঙ্গে আলোচনায় উত্তর কোরিয়ার পারমাণবিক নিরস্ত্রীকরণ, ইরান, ইউক্রেন যুদ্ধ, বাণিজ্য ও অর্থনীতির বিষয়গুলো গুরুত্ব পাবে। তবে এসব আলোচনায় বড় ধরনের কোনো সমঝোতা হওয়ার সম্ভাবনা কম বলে মনে করছেন যুক্তরাষ্ট্রের কর্মকর্তা ও বিশ্লেষকেরা।

যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের (সিএসআইএস) কোরিয়া কর্মসূচির প্রধান ভিক্টর চা মনে করেন, ট্রাম্পের বক্তব্য থেকে ধারণা পাওয়া যায়, কিমকে চীনে এনে বৈঠকের ব্যবস্থা করতে শি জিনপিংকে অনুরোধ করেছেন তিনি।

ভিক্টর চায়ের মতে, কিম যদি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের নেতাদের সঙ্গে একই মঞ্চে উপস্থিত হওয়ার সুযোগ পান, তাহলে সেটি উত্তর কোরিয়ার নেতার জন্য বড় ধরনের কূটনৈতিক অর্জন হবে।

২০১৯ সালে ট্রাম্প ও কিমের সর্বশেষ শীর্ষ বৈঠক কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য দূর করা সম্ভব হয়নি।

এরপর থেকে উত্তর কোরিয়া নিজেদের পারমাণবিক অস্ত্র ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা আরও বাড়িয়েছে। একই সঙ্গে রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক জোরদার করেছে দেশটি।

ইউক্রেন ও দক্ষিণ কোরিয়ার হিসাব অনুযায়ী, ২০২৪ সাল থেকে ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করতে উত্তর কোরিয়া প্রায় ১৪ থেকে ১৫ হাজার সেনা পাঠিয়েছে। এসব সেনার বেশির ভাগই ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে রাশিয়ার কুরস্ক অঞ্চলে মোতায়েন করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!