ভারতে সেতু থেকে খাদে বাস, নিহত ৮
ভারতের উত্তরাখণ্ডে সেতু থেকে প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে একটি যাত্রীবাহী বাসের আটজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে ঋষিকেশ-বদ্রীনাথ মহাসড়কের গুলার বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, হরিদ্বার থেকে কর্ণপ্রয়াগগামী বাসটি একটি সেতু থেকে গভীর খাদে পড়ে যায়। পরে বাসটি নিচে প্রবাহিত খরস্রোতা নদীতে গিয়ে পড়ে। দুর্ঘটনার সময় বাসটিতে প্রায় ৩৫ জন যাত্রী ছিলেন।
দুর্ঘটনার খবর পেয়ে রাজ্য দুর্যোগ মোকাবিলা বাহিনীর (এসডিআরএফ) উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ব্যাসি ও ধলওয়ালায় মোতায়েন বাহিনীর সদস্যদের পাশাপাশি পুলিশও উদ্ধারকাজে অংশ নেয়।
আহতদের উদ্ধার করে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার ভয়াবহতা বিবেচনায় এসডিআরএফের কমান্ড্যান্ট অর্পণ যাদুবংশীর নির্দেশে ঘটনাস্থলে আরও উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
প্রশাসনের আশঙ্কা, নদীর তলদেশে থাকা পাথরের মধ্যে এখনও কেউ আটকে থাকতে পারেন। এ কারণে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।