রাজধানীর কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণ
রাজধানীর তেজগাঁও ভূমি অফিসসহ কয়েকটি স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে বিভিন্ন সময়ে এসব বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাত ১২টার পর মগবাজার ফ্লাইওভার দিয়ে মোটরসাইকেলে এসে দুর্বৃত্তরা তেজগাঁও ভূমি অফিস লক্ষ্য করে পরপর দুটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে আশপাশের রিকশাচালক ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, রাজধানীর সাতরাস্তা এলাকায় আকিজ পাম্পের বিপরীত পাশে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ আরও জানায়, এর আগে রাত পৌনে ১২টার দিকে কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে এবং রাত ১১টার দিকে গুলিস্তান স্টেডিয়ামের ৩ নম্বর গেটের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।