ভারত সফরের প্রথম দিন ব্যস্ততায় কাটালেন উইলিয়াম-কেট
মুম্বাই মেট্রোতে ভ্রমণ, স্কুলশিক্ষার্থীদের সঙ্গে ক্রিকেট খেলা এবং ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাৎ—ভারত সফরের প্রথম দিন নানা কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য প্রিন্স উইলিয়াম ও প্রিন্সেস কেট মিডলটন।
২০২৬ সালের আর্থশট পুরস্কার অনুষ্ঠানে যোগ দিতে তিন দিনের সফরে সোমবার ভারতে পৌঁছান তারা।
সফরের প্রথম দিন মুম্বাইয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন রাজদম্পতি। ভারতীয় সংবাদমাধ্যম এএনআই জানায়, শহরটিতে ২০২৬ সালের আর্থশট পুরস্কার নিয়ে আয়োজিত এক সম্মেলনে বক্তব্য দেন প্রিন্স উইলিয়াম। এ সময় পরিবেশ সুরক্ষায় ভারতের ভূমিকার প্রশংসা করেন তিনি। বিশেষ করে পরিচ্ছন্ন জ্বালানি ও টেকসই উন্নয়নে দেশটির উদ্যোগের কথা তুলে ধরেন।
উইলিয়াম বলেন, অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ সুরক্ষা—দুটিই একসঙ্গে এগিয়ে নেওয়া সম্ভব। বক্তব্যে তিনি বলেন, ‘হিন্দিতে একটি কথা আছে—রং বিরঙ্গি দুনিয়া। অর্থাৎ নানা রঙে ভরা এক পৃথিবী। ভবিষ্যৎকেও আমাদের এভাবে দেখা উচিত। সাদা-কালো হিসেবে নয়। মানুষ ও পৃথিবী, অর্থনীতি ও প্রকৃতির মধ্যে যেকোনো একটিকে বেছে নেওয়ার বিষয় হিসেবেও নয়। বরং সবকিছুর সমন্বয়ে একটি পৃথিবী হিসেবে দেখা উচিত। যেখানে যেকোনো জায়গা থেকেই সমাধান আসতে পারে।’
আর্থশট পুরস্কারে ভারতের অবদানের কথাও তুলে ধরেন প্রিন্স উইলিয়াম। তিনি জানান, এ পুরস্কারের ইতিহাসে ভারত থেকে সবচেয়ে বেশি প্রতিষ্ঠান বিজয়ী হয়েছে এবং চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছে।
২০২৬ সালের পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় থাকা ভারতের দুটি উদ্যোগ—মাহিলা হাউজিং ট্রাস্ট ও মাহিন্দ্রা লাস্ট মাইল মোবিলিটির প্রশংসা করেন তিনি। প্রতিষ্ঠান দুটি সাশ্রয়ী আবাসন এবং পরিবেশবান্ধব শহুরে পরিবহনব্যবস্থা নিয়ে কাজ করছে।
বক্তব্যের শেষ দিকে পরিবেশ সুরক্ষায় নতুন সমাধান খুঁজে বের করা এবং উদ্ভাবকদের সহায়তা করার আহ্বান জানান প্রিন্স উইলিয়াম। তিনি বলেন, ‘গত ছয় বছরে আর্থশট আমাকে দেখিয়েছে, সমস্যার সমাধান যাদের কাছে আছে, তারা আমাদের চারপাশেই রয়েছেন। আমাদের কাজ হলো তাদের খুঁজে বের করা, পাশে দাঁড়ানো এবং তাদের কাজ আরও বড় পরিসরে ছড়িয়ে দিতে সাহায্য করা।’
এর আগে দিনের শুরুতে মুম্বাই মেট্রোর অ্যাকোয়া লাইন-৩-এ ভ্রমণ করেন প্রিন্স উইলিয়াম ও কেট। বিধান ভবন স্টেশন থেকে বান্দ্রা কুরলা কমপ্লেক্স (বিকেসি) পর্যন্ত মেট্রোতে যান তারা। মুম্বাই মেট্রো রেল করপোরেশন লিমিটেড সামাজিক যোগাযোগমাধ্যমে এ ভ্রমণের ছবি প্রকাশ করে। প্রতিষ্ঠানটি ঘটনাটিকে অ্যাকোয়া লাইনের জন্য বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছে।
মেট্রো ভ্রমণের সময় কেটের পরনে ছিল নীল রঙের হাঁটু পর্যন্ত লম্বা পোশাক। অন্যদিকে, সাদা শার্টের সঙ্গে আনুষ্ঠানিক পোশাক পরেছিলেন প্রিন্স উইলিয়াম।
পরে মুম্বাইয়ের ব্যালার্ড এস্টেটে ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাৎ করেন রাজদম্পতি। এ সময় ক্রিকেট নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। টেন্ডুলকার নিজের ক্রিকেটজীবনের নানা অভিজ্ঞতাও ভাগ করে নেন।
এদিন একটি বিশেষভাবে তৈরি চায়ের দোকানেও যান উইলিয়াম ও কেট। সেখানে তাদের মাটির ভাঁড়ে ঐতিহ্যবাহী ভারতীয় চা পরিবেশন করা হয়।
দিনের আরেকটি কর্মসূচিতে স্কুলশিক্ষার্থীদের সঙ্গে গলির ক্রিকেট খেলেন রাজদম্পতি। এ সময় তাদের সঙ্গে ছিলেন শচীন টেন্ডুলকার। পালা করে ব্যাট করেন প্রিন্স উইলিয়াম ও কেট। খেলার সময় উইলিয়ামকে বিভিন্ন পরামর্শ দেন টেন্ডুলকার। আর মাঠের পাশে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন কেট। এ সময় প্রিন্স উইলিয়ামের পরনে ছিল গাঢ় নীল রঙের নেহরু জ্যাকেটের আদলে তৈরি হাতাকাটা পোশাক।
ভারত সফরের প্রথম দিনের বেশ কিছু ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছেন উইলিয়াম ও কেট। ছবিগুলোতে মুম্বাইয়ের সমুদ্র উপকূল, ব্যস্ত সড়ক, ক্রিকেট ম্যাচ এবং ঐতিহাসিক রাজাবাই ঘড়ির মিনার দেখা গেছে।
নিজেদের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় তারা বলেন, ‘ক্যাথরিন ও আমি এ বছরের আর্থশট পুরস্কার উপলক্ষে ভারতে আসতে পেরে খুবই আনন্দিত।’ পরিবেশবান্ধব প্রযুক্তি ও উদ্ভাবনে ভারতের অগ্রগতির কথাও তুলে ধরেন তারা। টেকসই ভবিষ্যৎ গড়তে কাজ করছেন—এমন তরুণ, উদ্যোক্তা ও উদ্ভাবকদের সঙ্গে দেখা করার পরিকল্পনার কথাও জানান।
২০২০ সালে প্রিন্স উইলিয়াম আর্থশট পুরস্কার চালু করেন। পরিবেশ সুরক্ষায় কার্যকর উদ্যোগ ও নতুন উদ্ভাবনকে উৎসাহিত করাই এ পুরস্কারের লক্ষ্য।
আজ ১৭ নভেম্বর মুম্বাইয়ে ২০২৬ সালের আর্থশট পুরস্কার বিতরণী অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। পাঁচটি বিভাগে এ পুরস্কার দেওয়া হয়। বিভাগগুলো হলো—প্রকৃতি রক্ষা ও পুনরুদ্ধার, বায়ুদূষণ কমানো, সমুদ্র পুনরুজ্জীবিত করা, বর্জ্যমুক্ত পৃথিবী গড়া এবং জলবায়ু সংকট মোকাবিলা।
মুম্বাই সফর শেষে প্রিন্স উইলিয়াম ও কেটের নয়াদিল্লি যাওয়ার কথা রয়েছে। সেখানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাদের সাক্ষাতের কথা রয়েছে। ভারতে এটি রাজদম্পতির দ্বিতীয় আনুষ্ঠানিক সফর। এর আগে ২০১৬ সালে একসঙ্গে ভারত সফর করেন তারা। ওই সফরে ভুটানেও গিয়েছিলেন রাজদম্পতি।