ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

[ আন্তর্জাতিক ]

চীনের বৈদ্যুতিক বিমানের সফল উড্ডয়ন

ডেইলি-বাংলাদেশ ডেস্ক
প্রকাশিত: ১০:৫৫, ১৭ নভেম্বর ২০২৬
চীনের বৈদ্যুতিক বিমানের সফল উড্ডয়ন
সংগৃহীত ছবি

জ্বালানিচালিত বিমানের বিকল্প হিসেবে বৈদ্যুতিক প্রযুক্তির যাত্রীবাহী বিমান তৈরিতে বড় অগ্রগতি অর্জন করেছে চীন। দেশটিতে তৈরি ১০ মেট্রিক টন শ্রেণির বৈদ্যুতিক যাত্রীবাহী বিমান ‘সিই-২৫এ’ প্রথমবারের মতো পাইলটসহ সফল পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন করেছে।

গত শনিবার চীনের শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটির পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হয়।

চীনের রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক) জানিয়েছে, পরীক্ষামূলক উড্ডয়নে দুজন পাইলট ও একজন ফ্লাইট টেস্ট ইঞ্জিনিয়ার অংশ নেন। পুরো পরীক্ষার সময় ছিল ৫৭ মিনিট ৪৬ সেকেন্ড। এর মধ্যে বিমানটি ১৬ মিনিট ৩৮ সেকেন্ড আকাশে উড়ে প্রায় ৬০ দশমিক ৪ কিলোমিটার পথ অতিক্রম করে।

প্রতিষ্ঠানটির দাবি, পরীক্ষার সময় উড়োজাহাজটির সব প্রযুক্তিগত ব্যবস্থা স্বাভাবিকভাবে কাজ করেছে। পরীক্ষায় পাওয়া ফলাফলও নির্ধারিত প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল।

স্বল্প দূরত্বে বাণিজ্যিক যাত্রী পরিবহনের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে সিই-২৫এ। বিমানটিতে সর্বোচ্চ ১৯ জন যাত্রী বহন করা সম্ভব। এর সর্বোচ্চ অনুমোদিত উড্ডয়ন ওজন ১০ মেট্রিক টন।

উড়োজাহাজটি ঘণ্টায় সর্বোচ্চ ৩০০ কিলোমিটার গতিতে চলতে পারে। প্রায় ২ হাজার ৪০০ মিটার উচ্চতায় উড্ডয়নের সক্ষমতা রয়েছে এর। একবার পূর্ণ চার্জে প্রায় ৪০০ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবে বিমানটি। এর ডানায় সংযুক্ত রয়েছে সমন্বিত বৈদ্যুতিক প্রপালশন ব্যবস্থা, যা উড্ডয়নের জন্য প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে।

পাইলটসহ পরীক্ষামূলক উড্ডয়নের আগে কয়েক দফায় চালকবিহীন অবস্থায় বিমানটির সক্ষমতা যাচাই করা হয়। গত ২ ফেব্রুয়ারি প্রথমবারের মতো স্বয়ংক্রিয় ব্যবস্থায় আকাশে ওড়ে সিই-২৫এ। নির্মাণ ও পরীক্ষার বিভিন্ন পর্যায়ে এখন পর্যন্ত চালকবিহীন ১৯টি পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে কোম্যাকের সঙ্গে কাজ করছে চীনের ব্যাটারি নির্মাতা প্রতিষ্ঠান কনটেম্পোরারি অ্যাম্পেরেক্স টেকনোলজি কোম্পানি লিমিটেড (সিএটিএল), সাংহাই জিয়াও টং বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রতিষ্ঠান। যৌথভাবে বিমানটির প্রযুক্তিগত উন্নয়ন ও নির্মাণকাজ পরিচালনা করছে প্রতিষ্ঠানগুলো।

এদিকে বাণিজ্যিকভাবে ব্যবহারের অনুমোদন পেতে প্রয়োজনীয় প্রক্রিয়াও শুরু হয়েছে। কোম্যাক জানিয়েছে, চীনের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিই-২৫এ-এর সার্টিফিকেশনের আবেদন গ্রহণ করেছে।

বড় বাণিজ্যিক যাত্রীবাহী বিমানের জন্য নির্ধারিত চীনের ‘সিসিএআর-২৫’ উড্ডয়নযোগ্যতার মানদণ্ড অনুসরণ করে তৈরি করা হচ্ছে সিই-২৫এ। তবে নিয়মিত যাত্রী পরিবহন শুরু করার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় পরীক্ষা সম্পন্ন এবং সনদ অর্জন করতে হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!