ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
গোয়ালন্দে সরকারী কলেজে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রাজবাড়ীর সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজে ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে বোর্ড নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা এবং শিক্ষার্থীদের প্রতিবাদের মুখে কয়েকজন শিক্ষার্থীকে আদায় করা অর্থের মধ্যে ৩০০ টাকা করে ফেরত দিয়েছে কলেজ কর্তৃপক্ষ।
শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় এক বিষয়ে অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করতে গেলে প্রত্যেকের কাছ থেকে এক হাজার টাকা করে ব্যাংকের মাধ্যমে জমা দিতে বলা হয়। কলেজ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী তাঁরা নির্ধারিত অর্থ জমা দিয়ে ব্যাংকের রসিদও সংগ্রহ করেন। পরে বোর্ড নির্ধারিত ফির সঙ্গে আদায় করা টাকার অসংগতি নিয়ে প্রশ্ন ওঠে।
এ নিয়ে কয়েকজন শিক্ষার্থী গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দেওয়ার উদ্যোগ নেন এবং সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিষয়টি তুলে ধরেন। পরে সমালোচনা ও প্রতিবাদের মুখে কলেজ কর্তৃপক্ষ কয়েকজন শিক্ষার্থীকে ৩০০ টাকা করে ফেরত দেয়।
শিক্ষার্থীদের দাবি, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় সর্বোচ্চ দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের জন্য বোর্ড নির্ধারিত ফি অনুযায়ী প্রতি বিষয়ে তত্ত্বীয় পরীক্ষার ফি ১২৫ টাকা এবং ব্যবহারিক পরীক্ষার ফি ২৫ টাকা। এ ছাড়া পরীক্ষা কেন্দ্রের ফি নির্ধারণ করা হয়েছে ৪৫০ টাকা।
নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষার্থী বলেন, ‘মি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছি। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণ করতে গেলে আমার কাছ থেকে এক হাজার টাকা ব্যাংকে জমা দিতে বলা হয়। সে অনুযায়ী টাকা জমা দিয়ে রসিদ নিয়ে আসি। পরে জানতে পারি, টাকা ফেরত দেওয়া হচ্ছে। কলেজে গিয়ে ৩০০ টাকা ফেরত পেয়েছি।’
আরেক শিক্ষার্থী বলেন, ‘আমিও আইসিটি বিষয়ে অকৃতকার্য হয়েছি। অধ্যক্ষের নির্দেশে এক হাজার টাকা ব্যাংকে জমা দিয়ে রসিদ নিয়ে আসি। পরে আমরা কয়েকজন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করি এবং ফেসবুকে বিষয়টি নিয়ে পোস্ট দিই। এরপর কলেজ থেকে ফোন করে আমাকে ৩০০ টাকা ফেরত দেওয়া হয়। আমার সঙ্গে আরও কয়েকজন শিক্ষার্থীও টাকা ফেরত পেয়েছেন।’
বোর্ডের নির্দেশনায় বলা হয়েছে, পরীক্ষা কেন্দ্রের ফি থেকে সংশ্লিষ্ট কলেজ নিজস্ব ব্যয়ের জন্য ১০ শতাংশ রাখতে পারবে। বাকি ৯০ শতাংশ অর্থ পরীক্ষা কেন্দ্রের ব্যয় নির্বাহের জন্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে দিতে হবে। এ ছাড়া পরীক্ষা-সংক্রান্ত প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহের ব্যয়ও কেন্দ্র ফি থেকে বহন করার কথা রয়েছে।
এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস বলেন, ‘বিষয়টি আমি ফেসবুকে দেখেছি। এ ব্যাপারে আমার কাছে এখনো কোনো তথ্য নেই। তবে সরকার নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা আদায়ের কোনো সুযোগ নেই।’
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল হুদা বলেন, ‘বিষয়টি নিয়ে একটি অভিযোগ উঠেছে। আমরা বিষয়টি পর্যবেক্ষণ করছি। আজ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়ে বিস্তারিত খোঁজ নিয়ে জানাতে বলেছি। তবে এ বিষয়ে আমি সরাসরি কোনো লিখিত অভিযোগ পাইনি।’
অভিযোগের বিষয়ে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. নজির হোসেন মোল্লার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘অতিরিক্ত টাকা নেওয়ার বিষয়টি জানতে পারার সঙ্গে সঙ্গেই তাঁদের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করি।’
শিক্ষার্থীদের অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্ধারিত ফি অনুযায়ী অর্থ আদায় করা হয়েছে কি না, অতিরিক্ত অর্থ আদায়ের কারণ কী এবং আদায় করা অর্থের পূর্ণাঙ্গ হিসাব কী—এসব বিষয় খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।