ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

পোশাক শ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৪৬, ১৮ নভেম্বর ২০২৬
পোশাক শ্রমিকদের মজুরি ১৮ থেকে ২৪ হাজার টাকা করার প্রস্তাব
সংগৃহীত ছবি

পোশাক শ্রমিকদের ন্যায্য মজুরি নির্ধারণে মাসে ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে আলোচনার প্রস্তাব দিয়েছে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। সংস্থাটির মতে, চার সদস্যের একটি পরিবারের দারিদ্র্যসীমার ওপরে থাকা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য একজন শ্রমিকের মাসিক মজুরি এ সীমার মধ্যে হওয়া প্রয়োজন।

বুধবার (১৮ নভেম্বর) রাজধানীর ধানমন্ডিতে সিপিডির কার্যালয়ে ‘পোশাক খাতে ন্যায্য মজুরি ২০২৬ : বিবেচ্য বিষয়সমূহ’ শীর্ষক মিডিয়া ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সংস্থাটির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ।

তিনি জানান, ২০২৩ সালে নির্ধারিত ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরির বর্তমান সমমূল্য দাঁড়িয়েছে ১৬ হাজার ৩৫১ টাকা। অর্থাৎ আগের সমান ক্রয়ক্ষমতা ধরে রাখতে ২০২৬ সালের অক্টোবরে একজন শ্রমিকের এই পরিমাণ মজুরি প্রয়োজন।

নাজনীন আহমেদ বলেন, মজুরি নির্ধারণে তিনটি পৃথক বিষয় বিবেচনায় নিয়েছে সিপিডি। এগুলো হলো মূল্যস্ফীতির সঙ্গে সমন্বয়, দারিদ্র্যসীমার ওপরে থাকা এবং ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয়।

প্রথম হিসাবে দেখা গেছে, ২০২৩ সালের ডিসেম্বর থেকে কার্যকর হওয়া ১২ হাজার ৫০০ টাকা মজুরির সমান ক্রয়ক্ষমতা বজায় রাখতে ২০২৬ সালের অক্টোবরে প্রয়োজন ১৬ হাজার ৩৫১ টাকা। এ হিসাবের জন্য ২০২৩ সালের নভেম্বরের শহরাঞ্চলের ভোক্তা মূল্যসূচক ১১৮ দশমিক ৭৬ এবং ২০২৬ সালের অক্টোবরের সূচক ১৫৫ দশমিক ৩৫ বিবেচনায় নেওয়া হয়েছে। এতে মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৩০ দশমিক ৮ শতাংশ।

দ্বিতীয় হিসাবে চার সদস্যের একটি পরিবারকে দারিদ্র্যসীমার ওপরে রাখতে প্রয়োজনীয় মজুরি নির্ধারণ করেছে সিপিডি। এ ক্ষেত্রে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের খানা আয় ও ব্যয় জরিপে নির্ধারিত শহরাঞ্চলের উচ্চ দারিদ্র্যসীমা এবং পরবর্তী মূল্যস্ফীতি বিবেচনা করা হয়েছে।

সিপিডির হিসাবে, চার সদস্যের একটি পরিবারের বর্তমান উচ্চ দারিদ্র্যসীমা ২৯ হাজার ৩৫৩ টাকা। পরিবারে গড়ে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা।

তৃতীয় হিসাবে একটি পরিবারের ন্যূনতম মানবিক ও মর্যাদাপূর্ণ জীবনযাপনের ব্যয় বিবেচনা করা হয়েছে। এতে খাদ্য, পোশাক, শিক্ষা, যাতায়াত, ব্যক্তিগত পরিচর্যা, যোগাযোগ, বাসস্থান, জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে।

এ হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারের মাসিক খাদ্য ব্যয় ১৪ হাজার ১৫৪ টাকা, অন্যান্য প্রয়োজনীয় ব্যয় ১২ হাজার ২৬৭ টাকা এবং বাসাভাড়া ১০ হাজার টাকা। জরুরি প্রয়োজন ও সঞ্চয়ের জন্য আরও ১ হাজার ৮২১ টাকা ধরে পরিবারের মোট মাসিক ব্যয় দাঁড়ায় ৩৮ হাজার ২৪৩ টাকা। পরিবারে ১ দশমিক ৫৮ জন উপার্জনকারী ধরে প্রত্যেকের মাসিক মজুরি প্রয়োজন ২৪ হাজার ২০৪ টাকা।

নাজনীন আহমেদ বলেন, এসব হিসাবের জন্য সিপিডি নতুন কোনো জরিপ করেনি। বিদ্যমান গবেষণা, জরিপ ও তথ্য-উপাত্তের ভিত্তিতে পরিবারের সদস্য চারজন এবং উপার্জনকারীর সংখ্যা ১ দশমিক ৫৮ জন ধরা হয়েছে। বিভিন্ন গবেষণায় পরিবারের সদস্য ও উপার্জনকারীর সংখ্যায় ভিন্নতা রয়েছে। মজুরি বোর্ড এসব বিষয় ভিন্নভাবে বিবেচনা করলে হিসাবের পরিমাণও পরিবর্তিত হতে পারে।

তিনি বলেন, তিনটি হিসাবের মধ্যে মূল্যস্ফীতি সমন্বয়ের ১৬ হাজার ৩৫১ টাকা একটি ভিত্তি। তবে সিপিডির মূল আলোচনার বিষয় হওয়া উচিত ১৮ হাজার ৫৭৮ থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে মজুরি নির্ধারণ। দীর্ঘমেয়াদে শ্রমিকদের জীবনযাত্রার মান, পুষ্টি ও মর্যাদা নিশ্চিত করতে জীবনধারণযোগ্য মজুরি বা ‘লিভিং ওয়েজ’ প্রতিষ্ঠা করতে হবে।

মজুরি বোর্ডের প্রতি আস্থার সংকট

শ্রমিকদের আন্দোলনে যাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে নাজনীন আহমেদ বলেন, মজুরি বোর্ড গঠন হলেও এর সিদ্ধান্ত যথাসময়ে কার্যকর হবে কি না, তা নিয়ে শ্রমিকদের মধ্যে আস্থার সংকট ছিল। একধরনের ‘ট্রাস্ট ডেফিসিট’ বা বিশ্বাসের ঘাটতি তৈরি হয়েছিল। এ কারণে মজুরি নির্ধারণের প্রক্রিয়া ও সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে শ্রমিকদের মধ্যে অনিশ্চয়তা দেখা দেয়।

তিনি বলেন, বিভিন্ন গ্রেডে কীভাবে মজুরি নির্ধারণ করা হবে, সেই পদ্ধতিও আরও স্পষ্ট হওয়া প্রয়োজন। শুধু মজুরি বোর্ড গঠন করে মালিক ও শ্রমিকপক্ষকে আলোচনায় বসিয়ে মাঝামাঝি একটি সিদ্ধান্ত দেওয়াই সরকারের দায়িত্ব নয়। মজুরি নির্ধারণে সরকারেরও সক্রিয় ভূমিকা থাকতে হবে।

স্থায়ী মজুরি কমিশন গঠনের সুপারিশ

মজুরি নির্ধারণে দীর্ঘমেয়াদি কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, অন্তর্বর্তী সরকারের শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনেও সব খাতের জন্য জীবনধারণযোগ্য মজুরির ভিত্তিতে জাতীয় ন্যূনতম মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে।

পাশাপাশি প্রতিবছর মূল্যস্ফীতির সঙ্গে মজুরি সমন্বয়, শ্রমিক-মালিক ও বিশেষজ্ঞদের সমন্বয়ে স্থায়ী জাতীয় ন্যূনতম মজুরি কমিশন গঠন এবং মজুরি নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করার কথা বলা হয়েছে।

এ ছাড়া দুর্যোগ ও জরুরি পরিস্থিতি মোকাবিলায় তহবিল গঠন এবং নারী শ্রমিকদের জন্য ছয় মাসের বেতনসহ মাতৃত্বকালীন ছুটির সুপারিশও শ্রম সংস্কার কমিশনের প্রতিবেদনে রয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বিএনপির নির্বাচনী ইশতেহারের প্রসঙ্গ তুলে নাজনীন আহমেদ বলেন, শ্রমিক পরিবারের সন্তানদের স্বাস্থ্য ও শিক্ষা, কর্মক্ষেত্রে মাতৃদুগ্ধ পান করানোর কক্ষ স্থাপন, ‘মেড ইন বাংলাদেশ’ ব্র্যান্ড প্রতিষ্ঠা এবং ধাপে ধাপে মজুরি নির্ধারণের প্রতিশ্রুতি রয়েছে। এ ছাড়া সব খাতের মজুরি প্রতি দুই বছর পর পর পর্যালোচনা, শ্রমিকদের প্রকৃত মজুরি পরিশোধ পর্যবেক্ষণ এবং নারী-পুরুষের সমকাজে সমমজুরি নিশ্চিত করার বিষয়ও ইশতেহারে উল্লেখ করা হয়েছে।

নাজনীন আহমেদ আরও বলেন, ভবিষ্যতে মজুরি নির্ধারণের আলোচনা শুরুর অন্তত ছয় মাস আগে প্রস্তুতি নেওয়া প্রয়োজন। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় সমীক্ষা, পর্যালোচনা ও গবেষণা সম্পন্ন করতে হবে। ২০০৬ সালের শ্রম আইনে মজুরি নির্ধারণের ক্ষেত্রে যেসব বিষয় বিবেচনার কথা বলা হয়েছে, সেগুলোও গুরুত্ব দিতে হবে।

বিকল্প হিসেবে একটি স্থায়ী মজুরি কমিশন গঠনের প্রস্তাব দিয়ে তিনি বলেন, নির্দিষ্ট সূত্র বা পদ্ধতি অনুসরণ করে মজুরি নির্ধারণ করা হলে প্রতিবছর নতুন করে মজুরি নিয়ে অনিশ্চয়তা ও বিরোধ তৈরির প্রবণতা কমবে।

তিনি বলেন, মজুরি নির্ধারণ শুধু শ্রমিক ও মালিকের বিষয় নয়; এখানে সরকারেরও দায়িত্ব রয়েছে। শ্রমিকদের মানবিক, পুষ্টিকর ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করতে দীর্ঘমেয়াদে জীবনধারণযোগ্য মজুরি প্রতিষ্ঠাই হওয়া উচিত নীতিনির্ধারণের লক্ষ্য।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!