ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
বড়দিন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী
খ্রিস্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন (ক্রিসমাস) উদ্যাপন উপলক্ষে ৩ কোটি টাকা অনুদান অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ অনুদানের চেক খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে প্রতিনিধিদের হাতে অনুদানের চেক হস্তান্তর করা হয়।
গত বছর বড়দিন উপলক্ষে এ খাতে ২ কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল। এবার অনুদানের পরিমাণ ১ কোটি টাকা বাড়িয়ে ৩ কোটি টাকা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী।
চেক হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও নৃ-গোষ্ঠীবিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, সংসদ সদস্য ও খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান আন্না মিনজ এবং ট্রাস্টের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট জন গমেজসহ অন্যরা।