ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ জাতীয় ]

চার জেলায় শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৪৫, ১৮ নভেম্বর ২০২৬
চার জেলায় শিল্পাঞ্চলে ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন
ছবি: সংগৃহীত

শিল্পাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

জেলাগুলো হলো—ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় ২০ প্লাটুন বিজিবি মোতায়েন রয়েছে। এসব এলাকার মধ্যে রয়েছে ইউনুস কনভেনশন হল, কাঠগড়া, জিরাবো, হামিম গ্রুপ, মিডলার গ্রুপ ও জামগড়া।

এ ছাড়া গাজীপুরের চন্দ্রা, পল্লী বিদ্যুৎ, মৌচাক, কোনাবাড়ী, তেলিরচালা, কাশিমপুর, ভোগড়া বাইপাস, গাছা, সালনা ও বৈশয়া কুড়িবাড়ি এলাকায় ১৫ প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।

নারায়ণগঞ্জের শিবু মার্কেট, কাঠেরপুল, জালকুড়ি, বিসিক শিল্পনগরী, চাষাড়া মোড়, কাঁচপুর ব্রিজ ও শিমরাইল এলাকায় মোতায়েন রয়েছে ৭ প্লাটুন বিজিবি। অন্যদিকে, ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে রয়েছে ২ প্লাটুন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন।

মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, তাৎক্ষণিক তথ্য আদান-প্রদান এবং প্রয়োজনীয় কার্যক্রম সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে। এ কাজে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজ পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!