ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ শিল্প ও সাহিত্য ]

শামুকের গান

দিলারা হাফিজ
প্রকাশিত: ১১:৫১, ১৮ নভেম্বর ২০২৬
শামুকের গান
ধুসুর ছবি যেন সেসব মুখাবয়ব আজ  হারিয়ে গেছে আকাশ-নক্ষত্রের তলে

স্মৃতিজল লেগে আছে বিপন্ন
শামুকের গানে…
সেই শীত লাগাভাব আজো যায়নি—-

দূর অজানায় ছুঁয়েছিলো কেউ গোপন মাধুর্যে
কোনো এক কার্তিকের ভোরে…মনে হয়

শিউলি বেছানো ঘাসে আজো চিৎ হয়ে শুয়ে আছে প্রাণ
জানি, চাঁদ বিনে দেখেনি কেউ, তবু সেই সন্দেহ জোয়ার 
ফিরে ফিরে আসে তটের শাসন রেখায়!

 কতদিন আগে মুছে গেছে সেসব দিনের ঘাম
ভয়-ভীতি ছেড়ে ফুলেরা যেমন আনত নরম! 

ধুসুর ছবি যেন সেসব মুখাবয়ব আজ 
হারিয়ে গেছে আকাশ-নক্ষত্রের তলে 

নির্ঝরের স্বপ্নভাঙা রাতে ফেলে আসা প্রেমের মতো 
 মৃদু-মায়াস্বরে কাঁদে আজো আত্মার কেউ… 

সময়ের বৃত্তে ঢাকা পড়ে গেছে মেঘরাঙা আকাশ
স্বপ্নের তরী ছুটে গেছে ছবি ও মমির দেশে—
কদিন পরেই দেয়ালের ছবি আঁকা শেষ হলে—
মঞ্চ প্রসারী অবসন্ন আলোর দ‍্যুতি নিভে যাবে একাকী॥

ডেইলি-বাংলাদেশ/এসএমএম
লিংক সফলভাবে কপি হয়েছে!