ঢাকা, বুধবার ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩
কালিয়াকৈরে নাশকতার প্রস্তুতি, পেট্রোল বোমা-ককটেলসহ গ্রেপ্তার ৫
কালিয়াকৈরে নাশকতার প্রস্তুতি, পেট্রোল বোমা-ককটেলগাজীপুরের কালিয়াকৈরে নাশকতার চেষ্টার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে উপজেলার ইবনে সিনা কারখানার সামনে অভিযান চালায় কালিয়াকৈর থানা-পুলিশ। এ সময় নাশকতার চেষ্টার অভিযোগে বিপ্লব ও মান্নান নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকায় অভিযান চালানো হয়। কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ওই অভিযানে ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদারকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, অভিযানে পাঁচটি পেট্রোল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নিক্ষেপ করা পেট্রোল বোমার ভাঙা কাচের টুকরাও উদ্ধার করা হয়। তবে এসব বিস্ফোরক কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং কী উদ্দেশ্যে সেগুলো মজুত করা হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গত রাতে পুলিশের অভিযানে পেট্রোল বোমা ও ককটেলসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠানো হবে।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া বিস্ফোরকগুলো নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে রাখা হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।