ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ রাজনীতি ]

বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬:২০, ১৮ নভেম্বর ২০২৬
বরকত উল্লাহ বুলুর পদত্যাগের খবর গুজব, জানাল বিএনপি
ফাইল ছবি

সাবেক শিক্ষামন্ত্রী ও কিশোরগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ড. এম ওসমান ফারুকের পদত্যাগের খবর ছড়িয়ে পড়ার পর বিএনপির আরও কয়েকজন নেতার পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন দেখা দিয়েছে। এসব আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য বরকত উল্লাহ বুলুর নামও উঠে আসে। তবে তার পদত্যাগের খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন ও গুজব বলে দাবি করেছে বিএনপি।

বুধবার (১৮ নভেম্বর) দুপুরে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত থেকে কয়েকজন গণমাধ্যমকর্মী বরকত উল্লাহ বুলুর পদত্যাগের বিষয়ে জানতে চেয়েছেন। তবে এ ধরনের খবরের কোনো সত্যতা নেই। এটি একটি দুষ্টচক্রের অপপ্রচার।

শায়রুল কবির খান জানান, বরকত উল্লাহ বুলু গত প্রায় এক মাস ধরে বক্ষব্যাধি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর মঙ্গলবার রাতে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন। বর্তমানে তিনি চিকিৎসকদের পরামর্শে সেখানে হাসপাতালে ভর্তি আছেন।

অন্যদিকে, সাবেক শিক্ষামন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান ড. এম ওসমান ফারুক এবং তার সহধর্মিণী দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। শায়রুল কবির খানের ভাষ্য অনুযায়ী, শারীরিক অসুস্থতার কারণেই সংসদ সদস্যের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ওসমান ফারুক। এর সঙ্গে কোনো রাজনৈতিক কারণ জড়িত নয়।

তিনি আরও জানান, ড. এম ওসমান ফারুকের সঙ্গে এ বিষয়ে তার একাধিকবার কথা হয়েছে। তাই বিষয়টি নিয়ে রাজনৈতিক কোনো ব্যাখ্যা দাঁড় করানোর সুযোগ নেই।

ডেইলি-বাংলাদেশ/একেকে
লিংক সফলভাবে কপি হয়েছে!