ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

তরুণকে শ্বাসরোধে হত্যার পর গাছে ঝুলিয়ে দেয় মরদেহ, গ্রেপ্তার ২

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২০, ১৮ নভেম্বর ২০২৬
তরুণকে শ্বাসরোধে হত্যার পর গাছে ঝুলিয়ে দেয় মরদেহ, গ্রেপ্তার ২
চট্টগ্রামের কর্ণফুলীতে হাত বাঁধা অবস্থায় গাছে ঝুলছিল আবছারের মরদেহ, হত্যার ঘটনায় দুইজন গ্রেপ্তার

চট্টগ্রামের কর্ণফুলীতে নুরুল আবছার (২২) নামে এক তরুণকে শ্বাসরোধে হত্যার পর হাত বাঁধা অবস্থায় গাছের সঙ্গে ঝুলিয়ে রাখার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে এসআরবি-৭। 

ঘটনার প্রায় এক সপ্তাহ পর গত ১৭ নভেম্বর রাতে কর্ণফুলীর সৈন্যেরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোহাম্মদ সুমন (৩১) ও মোহাম্মদ আকাশ (২১)। তারা দুজনই কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার আব্দুছ ছমদের ছেলে।

এসআরবি-৭-এর তথ্য অনুযায়ী, নিহত নুরুল আবছার কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার আব্দুর রহিমের ছেলে। প্রায় দুই মাস আগে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী নাজমা আক্তার বাবার বাড়িতে চলে যান। এ সময় তাদের ১৪ মাস বয়সী সন্তান আব্দুল্লাহ নুরুল আবছারের বাবা আব্দুর রহিমের কাছে ছিল।

পরবর্তী সময়ে শিশুটিকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছে দুই লাখ টাকায় বিক্রির ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ আরও তীব্র হয়।

গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তিরা মোবাইল ফোনে কল করে নুরুল আবছারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। 

পরদিন ১১ নভেম্বর বিকেল ৫টার দিকে চরলক্ষ্যা হিন্দুপাড়া এলাকায় একটি গাছের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এসআরবি-৭-এর দাবি, দুর্বৃত্তরা পূর্বপরিকল্পিতভাবে নুরুল আবছারকে শ্বাসরোধে হত্যার পর তার মরদেহ গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কর্ণফুলী থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। মামলাটি ১১ নভেম্বর দায়ের করা হয়। মামলা নম্বর ১৮; দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় এটি করা হয়েছে।

চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর এসআরবি-৭ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডে তদন্তে পাওয়া দুই অভিযুক্তের অবস্থান কর্ণফুলী এলাকায় শনাক্ত করা হয়। পরে ১৭ নভেম্বর রাত সাড়ে ১০টার দিকে সৈন্যরটেক ও বোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে সুমন ও আকাশকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কর্ণফুলী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৭। বিষয়টি কর্ণফুলীর ওসি নূর আহমদও নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!