ঢাকা,  বুধবার   ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

[ দেশজুড়ে ]

গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, উপ-পুলিশ কমিশনারের গাড়িতে আগুন

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫১, ১৮ নভেম্বর ২০২৬
গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, উপ-পুলিশ কমিশনারের গাড়িতে আগুন
ছবি: সংগৃহীত

বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বুধবার (১৮ নভেম্বর) সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এ সময় মহাসড়ক অবরোধ করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান তারা। একপর্যায়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের একটি জিপে আগুন দেওয়া হয়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার আশিক সাঈদ গাড়িতে আগুন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন দেওয়া গাড়িটি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের।

আগুন লাগার খবর পেয়ে গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. রাজীব হোসেন জানান, দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। গাড়িটি পুলিশের বলে তিনি নিশ্চিত করেন।

শ্রমিক বিক্ষোভের পরিস্থিতি দেখতে সকালে গাড়িটি নিয়ে ঘটনাস্থলে যান গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-দক্ষিণ) মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ। তিনি জানান, মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে যান তিনি। গাড়ি থেকে নামার পর মহাসড়কের আশপাশের বিভিন্ন গলিতে অবস্থান নেওয়া শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করতে থাকেন। এ সময় শ্রমিকদের সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

তিনি আরও বলেন, হঠাৎ বিক্ষোভকারীরা গাড়িটির আশপাশে অবস্থান নেওয়ায় সেটি সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। তার দাবি, শ্রমিকেরা আগে থেকেই গাড়িটিকে লক্ষ্যবস্তু করেছিলেন। পরে গাড়িটিতে আগুন দেওয়া হলেও তিনি নিরাপদে রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!