শ্রমিক বিক্ষোভে রণক্ষেত্র গাজীপুর, মহাসড়কে যান চলাচল বন্ধ
ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে শ্রমিক আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। মঙ্গলবার সকাল থেকে মহানগরের জয়দেবপুর, চান্দনা চৌরাস্তা, ভোগড়া, সাইনবোর্ড ও নাওজোড় এবং গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকেরা। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল কার্যত বন্ধ হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও চরম জনদুর্ভোগ। আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাল্টাপাল্টি ধাওয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ এবং পুলিশের ব্যারিকেডে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় কালবেলার সাংবাদিক মামুনসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডে সাংবাদিক মামুন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৯টার দিকে কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শত শত শ্রমিক মহাসড়ক ও গুরুত্বপূর্ণ সড়ক অবরোধ করেন। ভোগড়া এলাকায় পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে ওঠে। সেখানে পুলিশের এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) ভাঙচুরের চেষ্টা, পুলিশের ব্যারিকেডে আগুন এবং সড়কে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ ও বিজিবি সদস্যরা টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেন। এতে দুই পক্ষের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোগড়া ও সাইনবোর্ড এলাকায় শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দফায় দফায় চেষ্টা করেন। কিন্তু শ্রমিকেরা সড়ক ছাড়তে রাজি না হওয়ায় পরিস্থিতি সংঘাতের দিকে গড়ায়। এক স্থান থেকে শ্রমিকদের সরিয়ে দেওয়া হলে তাঁরা অন্য স্থানে গিয়ে সড়কে অবস্থান নেন। একই দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকাতেও অবরোধের চেষ্টা করেন শ্রমিকেরা।
এদিকে মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-ময়মনসিংহ ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বিভিন্ন স্থানে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষ।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, সকাল থেকেই শ্রমিকেরা ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে সড়কে নেমেছেন। তাঁদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।