ঢাকা,  মঙ্গলবার   ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

[ আইন-আদালত ]

শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

আদালত প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭, ১৭ নভেম্বর ২০২৬
শেখ হাসিনাসহ ৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
সংগৃহীত ছবি

রাজধানীর কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গিবিরোধী অভিযানের নামে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে নয় তরুণকে হত্যার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ। এ মামলায় গ্রেপ্তার দুই সাবেক পুলিশপ্রধানকে কড়া নিরাপত্তায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে কারাগার থেকে প্রিজনভ্যানে করে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক এবং ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার মো. আসাদুজ্জামান মিয়াকে ট্রাইব্যুনালে আনা হয়।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ শেখ হাসিনাসহ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ডিএমপির তৎকালীন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) শেখ মুহম্মদ মারুফ হাসান, তৎকালীন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) প্রধান মনিরুল ইসলাম, ডিএমপির তৎকালীন যুগ্ম কমিশনার (ক্রাইম) কৃষ্ণপদ রায় এবং তৎকালীন যুগ্ম কমিশনার (ডিবি) আবদুল বাতেন।

আট আসামির মধ্যে শেখ হাসিনাসহ ছয়জন পলাতক। অন্য দুই আসামি শহীদুল হক ও আসাদুজ্জামান মিয়া কারাগারে রয়েছেন।

এর আগে গত ২৮ অক্টোবর মামলাটিতে অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে ওই দিন আসামিপক্ষের আইনজীবী সিফাত মাহমুদ শুভ সময়ের আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আপত্তি না থাকায় ট্রাইব্যুনাল শুনানির জন্য ১৭ নভেম্বর নতুন তারিখ নির্ধারণ করেন।

যেভাবে ঘটেছিল জাহাজবাড়ির ঘটনা

২০১৬ সালের ২৫ জুলাই রাজধানীর কল্যাণপুরের ৫ নম্বর সড়কে ‘তাজ মঞ্জিল’ নামের একটি ভবনে জঙ্গিবিরোধী অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভবনটি জাহাজবাড়ি নামেও পরিচিত। অভিযানের নাম দেওয়া হয়েছিল ‘অপারেশন স্টর্ম-২৬’। ওই অভিযানে নয় তরুণ নিহত হন।

প্রসিকিউশনের অভিযোগ, জঙ্গিবিরোধী অভিযানের আড়ালে পরিকল্পিতভাবে ‘জঙ্গি নাটক’ সাজিয়ে ওই নয় তরুণকে হত্যা করা হয়। ঘটনাটিকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করে শেখ হাসিনাসহ তৎকালীন সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

মামলার তদন্ত ও বিচারিক প্রক্রিয়া শেষে গত ২৯ জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ আট আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পরে মামলাটি ট্রাইব্যুনাল-২-এ স্থানান্তর করা হয়।

আজকের শুনানিতে অভিযোগ গঠনের বিষয়ে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের মধ্য দিয়ে মামলাটির বিচারিক কার্যক্রমের পরবর্তী ধাপ নির্ধারিত হবে।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!