শাপলা চত্বরের মামলায় ইনুসহ ১১ আসামি ট্রাইব্যুনালে
রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের মহাসমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুসহ গ্রেপ্তার ১১ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
এ মামলায় মোট ৪১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে গ্রেপ্তার আসামিদের ট্রাইব্যুনালে আনা হয়।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মামলার ৪১ আসামির মধ্যে ১১ জন গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। বাকি ৩০ জন পলাতক।
গ্রেপ্তার ১১ আসামি
গ্রেপ্তার আসামিদের মধ্যে রয়েছেন সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, সাবেক খাদ্যমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক, সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুল জলিল মণ্ডল, একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির, একাত্তর টেলিভিশনের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও সাংবাদিক মোজাম্মেল হক বাবু এবং সাংবাদিক ফারজানা রূপা।
পলাতক ৩০ আসামি
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহিউদ্দিন খান আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম, দলটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাবেক তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাবেক প্রতিমন্ত্রী মৃণাল কান্তি দাস, জাহাঙ্গীর কবির নানক, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাবেক সংসদ সদস্য সালাউদ্দিন মাহমুদ ওরফে এস এম জাহিদ এবং গণজাগরণ মঞ্চের সাবেক মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার।
এ ছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার, মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ও বেনজীর আহমেদ, পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শেখ মুহাম্মাদ মারুফ হাসান, মাহবুব হোসেন ও মনিরুল ইসলাম, র্যাবের সাবেক মহাপরিচালক মো. মোখলেছুর রহমান, সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) আজিজ আহমেদ, সাবেক র্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমান, পুলিশের সাবেক উপমহাপরিদর্শক মোহাম্মদ হারুন-অর-রশীদ, বিপ্লব কুমার সরকার ও সৈয়দ নুরুল ইসলাম এবং সাবেক পুলিশ কর্মকর্তা মো. আনোয়ার হোসেন, আশরাফুজ্জামান, এস এম মেহেদী হাসান, মো. আসাদুজ্জামান ও এস এম শিবলী নোমান এ তালিকায় রয়েছেন।
মামলার অভিযোগ
প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান এবং পরদিন ৬ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের ঘটনায় এ মামলা করা হয়েছে।
মামলায় দুটি অভিযোগ আনা হয়েছে। প্রথম অভিযোগে শাপলা চত্বরে ৩২ জনকে হত্যার কথা উল্লেখ করা হয়েছে। দ্বিতীয় অভিযোগে সিদ্ধিরগঞ্জে ২০ জনসহ দেশের বিভিন্ন স্থানে হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরা হয়েছে। তদন্তে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন।
এর আগে গত ২৭ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আসামিদের বিরুদ্ধে প্রসিকিউশনের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন।
পরে গত ১৬ সেপ্টেম্বর পলাতক ৩০ আসামিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নির্ধারিত সময়ের মধ্যে তাঁরা হাজির না হওয়ায় ট্রাইব্যুনাল তাঁদের পলাতক ঘোষণা করেন। একই সঙ্গে পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবী নিয়োগের নির্দেশ দেওয়া হয়।