বেতন বৃদ্ধির দাবিতে ফের উত্তাল গাজীপুর
বেতন বৃদ্ধির দাবিতে আবারও উত্তাল হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে কাজে যোগ না দিয়ে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেছেন বিভিন্ন কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আশপাশের কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে মৌচাক এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে কাজে যোগ না দিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করলে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেন। এতে সড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। বর্তমানে মৌচাক ও আশপাশের এলাকার সব কারখানা ছুটি দেওয়া হয়েছে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়েছেন। এতে সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে মজুরি বোর্ডের আশ্বাসের পর গত ৮ ও ৯ নভেম্বর পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং শ্রমিকরা কাজে ফেরেন। তবে ১০ ও ১১ নভেম্বর আবারও বিভিন্ন এলাকায় শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে। বুধবার গাজীপুরের নাওজোর, কোনাবাড়ী, কাশিমপুর ও রাজেন্দ্রপুর এলাকায় শ্রমিকরা কর্মবিরতি পালন এবং সড়কে নামার চেষ্টা করেন। এ পরিস্থিতিতে অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১১ থেকে ১২টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।
শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে কয়েক দিনের ব্যবধানে পরিস্থিতি বারবার উত্তপ্ত হয়ে ওঠায় গাজীপুরের শিল্পাঞ্চলে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে।