ঢাকা,  বৃহস্পতিবার   ১২ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

সিরাজগঞ্জে বেশিদামে গ্যাস সিলিন্ডার বিক্রি ২ প্রতিষ্ঠানকে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:২২, ১২ নভেম্বর ২০২৬
সিরাজগঞ্জে বেশিদামে গ্যাস সিলিন্ডার বিক্রি ২ প্রতিষ্ঠানকে জরিমানা
বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা। ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জের রায়গঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, অবৈধ মজুদসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার দিনব্যাপি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে উপজেলার ভূঁইয়াগাতি, নিমগাছি ও চান্দাইকোনা বাজারে এসব অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে গ্যাস সিলিন্ডারের বাজারমূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রির জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়।

তদারকিতে গ্যাস সিলিন্ডারের মজুদ তথ্য গোপন করে অবৈধ মজুদ, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম নেওয়া, এলপিজি গ্যাস বিক্রির বিস্ফোরক লাইসেন্স না থাকা, মূল্যতালিকা ও ক্রয় রসিদ সংরক্ষণ না করার মতো অনিয়ম পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেসার্স ছোয়া স্টোরের মালিক বাবলু কুমার তালুকদারকে ৫০ হাজার টাকা এবং মেসার্স নাফিউ এন্ড সজীব ট্রেডার্সের মালিক মোঃ ইয়াসিন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া বাজারে ভোজ্যতেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য, মজুদ ও সরবরাহ পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

অভিযানে স্থানীয় ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এসআরবি-১২-এর সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে ভোক্তা অধিকার রক্ষা এবং বাজারে পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/সিরাজগঞ্জ
ট্যাগ: সিরাজগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!